ঢাকা অফিস
সারা দেশে ৫ লাখেরও বেশি মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসহীন গাড়ি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
মঙ্গলবার বিআরটিএ ভবনে ২২ অক্টোবর, জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ফিটনেসহীন এসব বাহনের মধ্যে ৩০ শতাংশ রাস্তায় চলে না জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, যেগুলো চলে সেগুলোর কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। পাশাপাশি রাস্তা উন্নত হওয়ায় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডের কারণে দুর্ঘটনা বাড়ছে।
বিভিন্ন সংগঠন দুর্ঘটনার যে তথ্য সংগ্রহ করছে তাতে গরমিল হয় জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার তথ্য এখন নিজেরা ওয়েবসাইটে দিচ্ছি। এখন আমরা এক বছর ধরে রিয়েল ডাটা কালেকশন করছি। এজন্য প্রকৃত পরিসংখ্যানে সংখ্যা বাড়ছে। বিশ্ব ব্যাংকের রোড সেইফটি প্রজেক্টও চলছে।
সড়কে তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও যথেষ্ট নয় বলে জানান বিআরটিএ চেয়ারম্যান। তিনি বলেন, টার্গেট দেওয়া হয়েছে মামলার বিষয়ে, একইসঙ্গে ছয় বিভাগীয় শহরে ছয়জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। ওভার স্পিড, দুর্ঘটনাসহ বিভিন্ন অপরাধে ড্রাইভারদের মার্কিংয়ে ডিমেরিট পয়েন্ট যোগ করা শুরু হয়েছে।
ঢাকাসহ সারা দেশে বিভিন্ন বাস টার্মিনাল ও বিআরটিএর পেশাদার চালকদের প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু রক্তচাপ ও র্যান্ডম ব্লাড সুগার পরীক্ষার আয়োজন করা হয়েছে।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, ২৪৯ জন চালকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় রক্তচাপ সমস্যা পাওয়া যায় ৪৭ জনের। এছাড়া ব্লাড সুগার সমস্যা পাওয়া যায় ৬৯ জনের, ধূমপানজনিত সমস্যা পাওয়া যায় ১০৯ জনের।
এছাড়া ২৮৯ জন চালকের চক্ষু পরীক্ষায় চোখের ভিশন সমস্যা পাওয়া যায় ১৬৪ জনের, অন্যান্য চোখের সমস্যা পাওয়া যায় ৫৯ জনের ও চোখের কন্ট্রাক্ট সমস্যা পাওয়া যায় ৮ জনের।
তিনি আরও বলেন, আগামী ২২ অক্টোবর ২০২৩ জাতীয় নিরাপদ সড়ক দিবস। এই উপলক্ষে জেলা ও উপজেলায় বিআরটিএ কর্তৃক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ইংরেজি পত্রিকার ক্রোড়পত্র প্রকাশ, সকাল ৯টায় দোয়েল চত্বর থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত শোভাযাত্রা শেষে বিভিন্ন স্টেকহোল্ডারের সমন্বয়ে অনুষ্ঠানের আয়োজন হবে। ঢাকা সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ব্যানার, ফেস্টুন, পোস্টার দিয়ে সজ্জিতকরণ করা হবে।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট ও ফেস্টুন লাগানো হবে। ঢাকা শহরে ৫০টি এবং প্রতিটি জেলার ১০টি শিক্ষণ প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয় সম্পর্কে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন, সপ্তাহে ২ দিন করে ৮ দিন লিফলেট, স্টিকার বিতরণ ও মাইকিং করে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক প্রচারণা, মোবাইল কোর্টের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাত্রী, পথচারী, সড়ক পরিবহণের মালিক শ্রমিকদের সচেতন করা হবে।
বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, জিরো পয়েন্ট হতে শিক্ষা ভবন হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত, মৎস্য ভবন মোড়, ফার্মগেট হতে জাহাঙ্গীর গেট হয়ে এয়ারপোর্ট পর্যন্ত, সার্ক ফোয়ারা, শেরাটন মোড়, বিজয় সরণি মোড় হতে হেলিকপ্টার মোড়, তেজগাঁও ফ্লাইওভার থেকে সওজ ভবন পর্যন্ত সজ্জিতকরণ করা হবে।
সাতরাস্তার মোড় হতে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত, হাইকোর্টস্থ কদম ফোয়ারা, মতিঝিলের শাপলা ও বলাকা চত্বর, মেট্রোরেলের দিয়াবাড়ি থেকে সংসদ ভবন পর্যন্ত মূল রাস্তার গুরুত্বপূর্ণ এন্ট্রেন্সসমূহ, ফুটওভার ব্রিজ, সব স্টেশন, ইন্টারসেকশন, গোলচত্বর ব্যানার, ফেস্টুন, পোস্টার দিয়ে সজ্জিত করা হবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাস টার্মিনালে জনসচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ ও ব্যানার প্রদর্শন করা হবে।











































