Home জাতীয় খালেদা জিয়ার জীবন নিয়ে নোংরামি বন্ধ করুন: ড্যাব

খালেদা জিয়ার জীবন নিয়ে নোংরামি বন্ধ করুন: ড্যাব

73

 

ঢাকা অফিস।।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরামি খেলা বন্ধের আহ্বান জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. আব্দুস সালাম।

তারা বলেন, খালেদা জিয়ার জীবন যখন বিপন্ন, তখন সরকারের মন্ত্রীরা আইনের বানোয়াট ব্যাখ্যা দিয়ে তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছেন। চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে পাঠানোতে আইন কোনো বাধা নয়, সরকারের সদিচ্ছাই যথেষ্ট। সাজা স্থগিত করে মুক্তির সরকারি যে আদেশ জারি করা হয়েছে তাতে দেওয়া শর্ত তুলে নিলেই যেকোনো মুহূর্তে তাকে বিদেশে পাঠানো সম্ভব। তা না করে সরকার তাদের ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে খালেদা জিয়ার জীবনকে ব্যবহার করছে। যা অত্যন্ত নির্মম, অমানবিক ও অরুচিকর।

খালেদা জিয়ার জীবনে অনাকাঙ্ক্ষিত কোনো অঘটন ঘটলে তার দায় সরকারকেই বহন করতে হবে বলে উল্লেখ করেছেন ড্যাব নেতারা।

তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান অতুলনীয়। তিনি কেবল সাবেক সফল প্রধানমন্ত্রীই নন, সাবেক প্রেসিডেন্ট ও সেনা প্রধানের স্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সহধর্মিণী। দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজ তার জীবন সঙ্কটাপন্ন অবস্থায়।

খালেদা জিয়ার জীবন নিয়ে হাসি-তামশা বন্ধ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে নেতারা বলেন, সঠিক চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে রাজ পথের আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে।