Home জাতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা

51

 

ঢাকা অফিস।।

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করাসহ তিন দফা দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শুক্রবার পদযাত্রাকারীদের রাজধানীর শাহবাগ মোড়ে আটকে দিয়েছে পুলিশ। এ সময় তারা শাহবাগ মোড়ে বসে পড়েন। পরে রোববার প্রধানমন্ত্রী অথবা তাঁর কার্যালয়ের কারও সঙ্গে সাক্ষাতের আশ্বাসে আন্দোলনকারীরা সন্ধ্যায় স্থান ত্যাগ করেন।

এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দফা দাবি আদায়ে কর্মসূচি শুরু করেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। এক পর্যায়ে আন্দোলনকারীরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে দাবিগুলো তাঁর কাছে উপস্থাপন করতে পদযাত্রা নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছান। তবে শাহবাগে পুলিশ তাদের পথরোধ করে। এ সময় জাতীয় জাদুঘরের সামনে পুরো সড়কে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় পুলিশকে। এ সময় শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ পুলিশ কর্মকর্তাদের নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

ওসি আন্দোলনকারীদের বলেন, ‘বিনীতভাবে হাতজোড় বলতেছি, আপনাদের দাবির প্রতি শ্রদ্ধা আছে, মানা না মানা রাষ্ট্রের বিষয়। তবে দাবির প্রক্রিয়া যেন আইনিভাবে হয়, জনগণের দুর্ভোগ ডেকে নিয়ে না আসে। যথাযথ প্রক্রিয়া মেনে আপনারা ফিরে যান। এভাবে আপনারা বেশিদূর যাইতে পারবেন না। আমাদের পর্যাপ্ত নারী পুলিশ আছে, রোড ব্যারিকেড আছে, প্রিজনভ্যান, জলকামান আছে। বিধি অনুসারে একের পর এক আমরা কাজ করব। আপনারা সমাবেশ করতে চাইলে করেন, এখানে আমরা ব্যবস্থা করে দেই। পেছনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে।’

এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে অথবা ঊর্ধ্বতন কারও সঙ্গে কথা বলিয়ে দেওয়ার দাবি জানান এবং শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে আন্দোলনের প্রধান সমন্বয়ক শরীফুল হাসান শুভ জানান, প্রশাসন রোববার আমাদের প্রধানমন্ত্রী অথবা তাঁর কোনো প্রতিনিধির সঙ্গে দেখা করাতে আশ্বাস দিয়েছে। আপাতত তারা কর্মসূচি শেষ করছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।