লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়ায় আজিম শেখ নামে এক যুবকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাঁচাতে গেলে তাঁর দুই বন্ধুকেও কুপিয়ে জখম করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গন্ডব ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে এ হামলা করা হয়েছে বলে ধারণা স্থানীয় ইউপি চেয়ারম্যানের।
আজিম (২২) উপজেলার ধোপাদহ গ্রামের শাহজাহান শেখের ছেলে। আহত অপর দু’জন একই গ্রামের ইমরান শেখের ছেলে শুভ শেখ ও খোকন শেখের ছেলে তুফান শেখ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজিম শেখ তাঁর দুই বন্ধু শুভ ও তুফানকে নিয়ে মোটরসাইকেলে গন্ডব ব্রিজে ঘুরতে যান। এ সময় ব্রিজের ওপর আগে থেকে ওত পেতে থাকা কয়েক দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে। তারা ধারালো ছুরি, চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আজিমের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। ঠেকাতে গেলে শুভ ও তুফানকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আজিমকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। শুভ ও তুফান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস তন্নি জানান, আজিমের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, কিছুদিন আগে গন্ডব গ্রামের কয়েক যুবকের সঙ্গে আজিমের কথা কাটাকাটি হয়। আমি উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করে দিয়েছিলাম। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জের ধরে এ হামলা হয়েছে।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন জানান, ঘটনা শুনেই সেখানে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










































