স্পোর্টস রিপোর্টার।।
এশিয়ান গেমসের প্রস্তুতি সারতে বাংলা টাইগার্সের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বাংলা টাইগার্সের কয়েকজন ক্রিকেটারকে নিয়ে গড়া হবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল। সে কারণে এশিয়াডের দলের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের রাখা হয়েছে বাংলা টাইগার্সের দলে। আজ চট্টগ্রামে হবে ৫০ ওভারের ম্যাচটি।
এশিয়ান গেমসের দলের বিপক্ষে এই ম্যাচে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলামরা খেলবে ৫০ ওভারের ম্যাচটি’। অর্থাৎ পুলের বাকি ক্রিকেটারদেরও গা গরমের ম্যাচ খেলার সুযোগ করে দেয়া হচ্ছে। মাহমুদউল্লাহরা ১৪ই সেপ্টেম্বর ম্যাচ খেললেও ওপেনার তামিম ইকবাল খেলবেন টি-টোয়েন্টি ম্যাচে।
১৭ই সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রথম টি- টোয়েন্টি ম্যাচে দেখা যাবে সাবেক ওয়ানডে অধিনায়ককে। তামিম কোমরের চোটে ভুগছিলেন। লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক মাসেরও বেশি সময় ধরে পুনর্বাসন করছেন। শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার পর স্কিল নিয়ে কাজ করছেন একান্তে।
খেলার মতো ফিটনেস ফিরেও পেয়েছেন তিনি। তবে পরীক্ষাটা তিনি কুড়ি ওভারের ক্রিকেট দিয়ে করতে চান দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। এই ম্যাচে স্বাচ্ছন্দ্য বোধ করলে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে খেলার সিদ্ধান্ত নিতে পারবেন তামিম। এই সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চান তিনি। ভালো খেলে ফিরতে চান বিশ্বকাপ দলে। তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে ফিরে পেতে উন্মুখ হয়ে আছে দল। তিনিও হয়তো সুস্থ থেকে রাঙাতে চান নিজের শেষ বিশ্বকাপ।











































