Home খেলাধুলা ইংল্যান্ডের ‘৬০০তম’ জয়

ইংল্যান্ডের ‘৬০০তম’ জয়

15

স্পোর্টস ডেস্ক।।

ফিল ফোডেন ও জুড বেলিংহ্যামের নৈপুণ্যে প্রথমার্ধে ২ গোলের লিড নেয় ইংল্যান্ড। বিরতির পর হ্যারি ম্যাগুয়েরের ভুলে গোল পায় স্কটল্যান্ড। তবে ইংল্যান্ডের বিপদ বাড়তে দেননি অধিনায়ক হ্যারি কেইন, গোল করে বাড়ান ব্যবধান। মঙ্গলবার রাতে হ্যাম্পডেন পার্কে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারায় ইংল্যান্ড। এই জয়ে অনন্য রেকর্ড গড়ে ইংলিশরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩২তম মিনিটে কাইল ওয়াকারের অ্যাসিস্টে ইংল্যান্ডকে এগিয়ে নেন ফিল ফোডেন। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহ্যাম। ৬৭তম মিনিটে স্কটল্যান্ডের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। ৮১তম মিনিটে বেলিংহ্যামের পাসে ৩-১ গোলের জয় নিশ্চিত করেন হ্যারি কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল ইংল্যান্ডের ৬০০তম জয়। প্রথম ইউরোপিয়ান দল হিসেবে এই মাইলফলক স্পর্শ করলো ইংলিশরা।

রাতের অন্য ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে হারায় জার্মানি।

ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে ম্যাচের ৪র্থ মিনিটেই এগিয়ে যায় জার্মানরা। গোলটি করেন টমাস মুলার। ৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেরয় সানে। তার দুই মিনিট পর সফল স্পটকিকে স্কোরলাইন ২-১ করেন ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজম্যান। ৫ ম্যাচ পর জয়ে ফিরলো জার্মানি। গত ২৬শে মার্চ পেরুকে ২-০ গোলে হারানোর পর বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হারে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর জুনে ইউক্রেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে জার্মানি। একই মাসে পোল্যান্ডের কাছে ১-০ এবং কলম্বিয়ার কাছে ২-০ গোলে হারে জার্মানরা। সবশেষ ম্যাচে গত ১০ই সেপ্টেম্বর জাপানের কাছে ৪-১ গোলে হারে কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া দলটি। টানা ব্যর্থতায় প্রধান কোচ হ্যান্সি ফ্লিক চাকরি হারান। জার্মানির অন্তর্বর্তীকালীন কোচ হয়েই নিজের প্রথম ম্যাচে ফ্রান্সকে হারালেন রুডি ফোলার। ম্যাচশেষে তিনি বলেন, ‘ফুটবলারদের জন্য, ফেডারেশনের জন্য এমন জয়, এমন খেলাটা গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে প্রথমার্ধে যেভাবে খেলেছি, দুর্দান্ত ছিল। এই জয় আমাদের জন্য বেশ স্বস্তির।’