Home আন্তর্জাতিক রাশিয়া-ভারতের বন্ধুত্ব কি ভেঙে যাচ্ছে?

রাশিয়া-ভারতের বন্ধুত্ব কি ভেঙে যাচ্ছে?

14

অনলাইন ডেস্ক।।

রাশিয়া ও ভারতের সম্পর্ক বেশ পুরোনো। সেই সোভিয়েত ইউনিয়ন আমল থেকেই এই দুই দেশের একে অন্যকে নানাভাবে সহযোগিতার ইতিহাস রয়েছে। এখন পর্যন্ত সিংহভাগ অস্ত্রই রাশিয়ার কাছ থেকে কেনে ভারত। ইউরোপীয় ইউনিয়ন ও চীনের পর তৃতীয় সর্বোচ্চ রাশিয়ার তেল ক্রেতাও বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার এই দেশটি। কিন্তু এখন খুব সাবধানে পা ফেলছে ভারত।

২০২২ সালে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ফলে একদিকে পশ্চিমা সমর্থিত কিয়েভ এবং অন্যদিকে মস্কো– এই দুই পক্ষের একটিকে বেছে নিতে বড় ধরনের চাপের মুখে পড়ে বিশ্বের অধিকাংশ দেশ।

এই যুদ্ধের এরই মধ্যে পার হয়েছে ১৮ মাস। এই দীর্ঘ সময়ে নয়াদিল্লি দুই পক্ষের মধ্যেই চরম ভারসাম্য বজায় রেখে চলেছে। পুরোনো বন্ধু রাশিয়ার সরাসরি নিন্দা এড়িয়ে গেছে সাবধানে। কিন্তু ভারতে অনুষ্ঠিত জি২০ সদস্যগুলোর নেতারা শীর্ষ সম্মেলনের জন্য নয়াদিল্লিতে পৌঁছানোর পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিবাচক মনোভাব দেখাতে বাধ্য হতে পারেন।

ঐতিহাসিকভাবে ভারত তার বেশির ভাগ প্রতিরক্ষা অস্ত্র এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কূটনৈতিক সুবিধার জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। বিনিময়ে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ভারত ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আক্রমণকে সমর্থন করেছিল।

ঠিক ওই হামলার পর এখন ইউক্রেনে রাশিয়ার হামলার সময়ও সরাসরি প্রকাশ্যে সমালোচনা থেকে বিরত রয়েছে ভারত। বরং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞায় পড়া মস্কোর কাছ থেকে তেলের তৃতীয় বৃহত্তম ক্রেতা হয়েছে নয়াদিল্লি।

এসব ঘটনার পরও পরিবর্তনের হাওয়া বইছে বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের যুদ্ধ নিয়ে ভারত আরও স্পষ্টবাদী হতে শুরু করেছে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা কমিয়েছে ভারত। পরিবর্তে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইসরায়েলের দিকে এগোচ্ছে দেশটি। এখন আবার রাশিয়ার তেলের দাম বাড়ায় সেই তেল কেনা ভারতের জন্য কম লাভজনক হচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা নেতারা উপস্থিত থাকলেও জি২০ শীর্ষ সম্মেলন এড়িয়ে গেছেন পুতিন। তিনি আসছেন না।

তাহলে ভারত কি ধীরে ধীরে রাশিয়া থেকে দূরে সরে যাচ্ছে? সেই প্রশ্ন আসছে। এর সংক্ষিপ্ত উত্তর হলো– শিগগিরই আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্কচ্ছেদের সম্ভাবনা নেই ভারতের। কিন্তু কিছু বিশেষজ্ঞ সতর্ক করেছেন, তাদের বন্ধুত্ব নয়াদিল্লির ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য দায় হয়ে উঠেছে। এই উচ্চাকাঙ্ক্ষার মধ্যে রয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্বস্ত শান্তিদূত ও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা ভারতের। মোদি সরকার পশ্চিমের সঙ্গে সম্পর্ক জোরদার করায় ক্রমাগত সম্পর্ক দুর্বল হচ্ছে।

পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হ্যাপিমন জ্যাকব বলেন, রাশিয়ার অশোধিত তেলে ভারতের চাহিদা ‘একটি সুবিধাবাদী ক্রয়’। ভারতের এটি প্রয়োজন। কিন্তু এই ক্রয় দুই দেশের সম্পর্কের কোনো বড় উত্থানের ইঙ্গিত দেয় না। গুরুত্বপূর্ণ হলো, মানুষে মানুষে সম্পর্ক আর দ্বিপক্ষীয় বিনিয়োগ। যা রাশিয়া ও ভারতের মধ্যে খুব কম। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুগুণ বেশি।