Home খেলাধুলা আর্জেন্টিনার ক্লাবে খেলার ছাড়পত্র পেলেন জামাল ভূঁইয়া

আর্জেন্টিনার ক্লাবে খেলার ছাড়পত্র পেলেন জামাল ভূঁইয়া

24

খেলা ডেস্ক।।
কিছুদিন আগেই আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োর সঙ্গে দেড় মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জামাল ভূঁইয়া। লাতিন আমেরিকার দেশটির তৃতীয় বিভাগের লিগে রোববার ক্লাবটির হয়ে অভিষেক হওয়ার কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই অধিনায়কের।

তবে এক দেশের খেলোয়াড় অন্য দেশের লিগ খেলতে গেলে আন্তর্জাতিক ছাড়পত্র প্রয়োজন হয়। এজন্য লিওনেল মেসিদের দেশে জামালের খেলা নিয়ে কিছুটা জটিলতা ছিল। অবশেষে বিদেশে খেলার সে ছাড়পত্রও পেয়ে গেলেন ৩৩ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার।

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় জামালকে আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োতে খেলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে গত বৃহস্পতিবার রাতে আর্জেন্টাইন ক্লাবটি বাফুফের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল।

ফিফার নিয়ম অনুসারে, কোনো ফুটবলার বিদেশে খেলার জন্য তার দেশের ফেডারেশনের কাছে আবেদন করলে সাত দিনের মধ্যে এই আবেদন নিষ্পত্তি করতে হয়। তবে বাফুফে মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই জামালকে আর্জেন্টিনায় খেলতে ছাড়পত্র দিয়ে দিয়েছে।

সর্বশেষ মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলেছিলেন জামাল। ক্লাবটির দাবি ছিল, তাদের সঙ্গে চুক্তি রয়েছে জামালের। এমন দাবি করলেও শেখ রাসেলের সঙ্গে আলোচনা করেই আর্জেন্টিনায় খেলার ছাড়পত্র দিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।

এদিকে বাফুফের ছাড়পত্র পেয়ে যাওয়ায় জামালের আর্জেন্টিনায় খেলতে আর কোনো জটিলতা নেই। সোল দা মায়োর সঙ্গে মেডিক্যাল পরীক্ষার পর অনুশীলনেও দেখা গেছে তাকে। এখন শুধু বিশ্বচ্যাম্পিয়নদের মাটিতে জামালের মাঠে নামার অপেক্ষা।

রোববার (২৭ আগস্ট) সোল দা মায়োর হয়ে জামালের প্রথম ম্যাচ হওয়ায় আর্জেন্টিনায় প্রবাসী বাংলাদেশিদের গ্যালারিতে প্রবেশাধিকার ফ্রী করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ম্যাচটি সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।

২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল বাংলাদেশের সাধারণ মানুষ। লিওনেল মেসিদের প্রতিটি ম্যাচে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বড় পর্দার সামনে হাজার হাজার মানুষের উন্মাদনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনামও হয়েছিল।

এরপর গত ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এক ক্লাব অফিসিয়ালের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া যোগ দিচ্ছেন সোল দে মায়োতে। তখন থেকেই ম্যারাডোনা-মেসিদের দেশে জামালের খেলতে যাওয়া নিয়ে আলোচনা শুরু হয়।

এবার মাস ছয়েক পর জানা গেল, জামালের আর্জেন্টিনার ক্লাবে যোগ দেওয়ার খবর সত‍্যিই। দেশটির তৃতীয় স্তরের লিগ তোরনেয়ো ফেদারেল ‘এ’-তে খেলা ক্লাবটিতে মাসিক ১৪ হাজার ডলার বা ১৪ লাখ টাকায় দেড় মৌসুমের জন্য চুক্তি সেরেছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালই দেশের একমাত্র ফুটবলার যিনি আর্জেন্টিনার কোনো ক্লাবের খেলতে যাচ্ছেন। ডেনমার্কে জন্ম নেওয়া জামাল নাড়ির টানে বেছে নেন লাল সবুজের প্রতিনিধিত্ব করতে এসেছিলেন। একসময় ডেনিস লিগেও খেলেছেন তিনি। এরপর বাংলাদেশে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ঘুরে জামাল গত বছর যোগ দেন শেখ রাসেলে। এর মাঝে তিনি ভারতের ঐতিহ্যবাহী দল কলকাতা মোহামেডানেও খেলেন।

এদিকে আর্জেন্টাইন ক্লাবের হয়ে খেলার জন্য আসন্ন এশিয়ান গেমসে খেলবেন না জামাল ভূঁইয়া। তবে সেপ্টেম্বর মাসে ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলবেন তিনি। তার আগে দেশে ফেরার কথা রয়েছে জামালের।