স্পোর্টস ডেস্ক।।
যুক্তরাষ্ট্রে মেসি এবং তার পরিবারের নিরাপত্তার জন্য এক দল দেহরক্ষীর ব্যবস্থা করেছে ইন্টার মায়ামি। মেসি ও তার পরিবারের নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে ৫০ জনের দেহরক্ষী দল। ইন্টার মায়ামিতে যোগ দিয়ে বহুবিধ সুবিধা পাচ্ছেন লিওনেল মেসি। মোটা অঙ্কের বেতন-বোনাস তো রয়েছেই। শুধু তাই নয়, মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ অ্যাডিডাস ও অ্যাপলের মতো বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কাছ থেকেও লভ্যাংশ পাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার।
লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর যুক্তরাষ্ট্রে চলছে ‘মেসি ম্যানিয়া’। আর্জেন্টাইন সুপারস্টারকে এক পলক দেখতে উপচে পড়া ভিড় জমছে মায়ামির ম্যাচগুলোতে। আর মেসির নিরাপত্তা নিয়ে সচেতন ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সুপারস্টার এবং তার পরিবারের জন্য মোট ৫০ সদস্যের একটি দেহরক্ষী দলের ব্যবস্থা করেছে ডেভিড বেকহ্যামের ক্লাব। যার নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশনস ফোর্স নেভি সিলের সাবেক সদস্য ইয়াসিন চুয়েকো সর্বদাই মেসির সঙ্গে আঠার মতো লেগে থাকেন। মিক্সড মার্শাল আর্ট (এমএমএ), তায়কোয়ান্দো ও বক্সিংয়ে বিশেষভাবে দক্ষ এই বডিগার্ড ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ইন্টার মায়ামির টিম বাসের সামনে দাঁড়িয়ে মেসির জন্য অপেক্ষা করছেন কিংবা খেলার মাঠে সর্বদা আর্জেন্টাইন সুপারস্টারের নিরাপত্তা নিশ্চিতকরণের কাজে নিয়োজিত থাকেন ইয়াসিন চুয়েকো। স্থানীয় গণমাধ্যম ‘মায়ামি দারিও মিডিয়া’র খবর, এমএমএ লড়াইয়েও অংশ নিয়েছেন তিনি। মেসির দেহরক্ষীর দায়িত্ব পাওয়ার পর ইনস্টাগ্রামেও হু হু করে ফলোয়ার বাড়ছে ইয়াসিন চুয়েকোর। বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে ১ লাখ ৪০ হাজার মানুষ তাকে ফলো করেন।











































