শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
‘বাঘ করি সংরক্ষণ সমৃদ্ধ হবে সুন্দরবন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছর ২৯শে জুলাই বিশ্ব বাঘ দিবস পালিত হয়। ২০১০ সালের সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ অভিবর্তনে এই দিবসটির সূচনা হয়। বাংলাদেশ, ভারত, নেপালসহ ১৩টি দেশে বাঘের ঘনত্ব বেশি থাকায় এসব দেশে গুরুত্ব সহকারে দিবসটি পালন করা হয়। বন বিভাগের তথ্য মতে, ১৯৭৫ সালে জরিপে সুন্দরবনে বাঘ ছিল ৩৫০টি। এর পর ১৯৮২ সালের জরিপে ৪২৫টি। এর ২ বছর পর ১৯৮৪ সালে সুন্দরবন দক্ষিণ বন্য প্রাণী অভয়ারণ্যে ১১০ বর্গকিলোমিটার এলাকা জরিপ চালিয়ে ৪৩০ থেকে ৪৫০টি বাঘ থাকার কথা জানা গেছে। ১৯৯২ সালে ৩৫৯টি বাঘ থাকার তথ্য জানায় বন বিভাগ। ১৯৯৩ সালে সুন্দরবনের ৩৫০ বর্গ কিলোমিটার এলাকায় প্যাগমার্ক পদ্ধতিতে জরিপ চালিয়ে ধনবাহাদুর তামাং ৩৬২টি বাঘ রয়েছে বলে জানায়। ২০০৪ সালের জরিপে বাঘের সংখ্যা পাওয়া যায় ৪৪০টি যা বাঘের পায়ের ছাপ পদ্ধতিতে গণনা করা হয়। ২০১৮ সালে সর্বশেষ জরিপে বাঘের সংখ্যা ১১৪টি।
কিন্তু পূর্ব সুন্দরবনে ২০১৯ সালের ২১শে আগস্ট থেকে ২০২২ সালের ২৮শে জানুয়ারি পর্যন্ত প্রায় আড়াই বছরের ব্যবধানে ৪টি বাঘের মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ।
অপরদিকে ২০২১ সালের ১৯শে জানুয়ারি পাচারকালে ১টি বাঘের চামড়াসহ এক পাচারকারীকে আটক করে র্যাব-৮ ও বন বিভাগ। খুলনা বিভাগীয় বন সংরক্ষকের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে বাঘের একটি মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ এবং একই রেঞ্জ থেকে চলতি বছরে একটি বাঘের চামড়া উদ্ধার করে র্যাব-৬। খুলনা বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, এই মুহূর্তে সুন্দরবনে কয়টি বাঘ আছে তার সঠিক হিসাব নেই বন বিভাগের কাছে। কারণ গত ৪ বছর পর চলতি বছরের জানুয়ারি মাসে ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতিতে বাঘ গণনার কাজ শুরু হয়েছে। ২০১৮ সালের পর আর বাঘ সঠিকভাবে গণনা করা হয়নি।
তবে বাঘ গণনার কাজ চলছে ২০২৪ সালে জানা যাবে সুন্দরবনে এখন কতোটি বাঘ রয়েছে। বন বিভাগের একটি সূত্র জানায়, পর্যটক ও বিভিন্ন শ্রেণি-পেশার যে সব মানুষ বনে গেছে তারা ডিমেরচর, সুকপাড়াসহ বিভিন্ন এলাকায় মাঝে মাঝে বাচ্চাসহ বাঘ দেখেছে। এ ছাড়া গত মাসের প্রথম দিকে বিকালে কচিখালি অফিস চত্বরে বাঘ এসে অবস্থান নেয়। দীর্ঘ সময় বাঘ না সড়লে একপর্যায়ে রাইফেলের ফাঁকা গুলি করে তাড়ানো হয়। তাতে মনে হচ্ছে সুন্দরবনে বাঘ বেড়েছে। সুন্দরবনের বাঘসহ বন্য প্রাণীর আবাসস্থল বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ৩ লাখ ১৭ হাজার ৯৫০ হেক্টর অভয়ারণ্য বন রয়েছে। সুন্দরবন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে আরও জানান, এবারে সুন্দরবন দিবস ৪টি রেঞ্জে পালিত হচ্ছে। খুলনা ও সাতক্ষীরা জেলার পশ্চিম সুন্দরবনের ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতিতে বাঘ গণনার কাজ শেষ হলেও কিছু কাজ বাকি আছে। পশ্চিম সুন্দরবনে বিভিন্ন জায়গায় ৪৬৮টি ক্যামেরা বসিয়ে গণনার কাজ চলছে।











































