স্পোর্টস ডেস্ক||
সামপ্রতিক সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পারফর্মেন্স যথেষ্ট আশা জাগানিয়া। শক্তিধর ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ড্র করেছে টাইগ্রেসরা। হারা ম্যাচগুলোতেও ভারতকে প্রতি বিভাগেই চ্যালেঞ্জ জানিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজে আলাদা করে নজর কেড়েছে টাইগ্রেসদের স্পিন অ্যাটাক। জ্যোতিদের হেড কোচ হাসান তিলকারত্নের মতে, বাংলাদেশের স্পিন অ্যাটাক এই মুহূর্তে বিশ্বসেরা। স্বর্ণা-রাবেয়াতে মুগ্ধ তিনি। টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে তিন ম্যাচ মিলিয়ে বাংলাদেশের স্পিনাররা নিয়েছেন ১৬ উইকেট।
হোয়াটওয়াশ এড়ানো জয়ের তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেট ভাগাভাগি করে বাংলাদেশের স্পিনাররা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে যেটা টাইগ্রেসদের প্রথম জয়। এই ম্যাচে স্পিনাররা নেন ৫ উইকেট।
যদিও ওই ম্যাচে ৪ উইকেট নিয়ে লাইমলাইটে আসেন পেসার মারুফা আক্তার। বাকি দুই ম্যাচ মিলে স্পিনারদের শিকার আরও ১১ উইকেট। সিরিজের শেষ ওয়ানডেতে রুদ্ধশ্বাস লড়াইয়ে ‘টাই’ হওয়া ম্যাচেও স্পিনাররা খেলায় ফেরান দলকে। দলে এখন তিনজন লেগ স্পিনার।
লেগ স্পিনারদের নিয়ে আলাদা করে কথা বলেন হাসান তিলকারত্নে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের লঙ্কান কোচ বলেন, ‘লেগ স্পিনার আপনাকে উইকেট এনে দিবে। সবাই দেখছে রাবেয়া কিভাবে বোলিং করছে এবং কী দারুণ প্রতিভা তার। কোনো চাপ নেই, সে শুধু মাঠে সবকিছু উপভোগ করছে। আমার মনে হয় আমাদের স্পিন অ্যাটাক এখন বিশ্বসেরা।’ শ্রীলঙ্কার জার্সি গায়ে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী তারকা বলেন, ‘আমরা দলে সেই পরিবেশ নিশ্চিত করেছি যেখানে তারা (ক্রিকেটাররা) মাঠে নিজেদের মেলে ধরতে পারে। আমরা অবশ্যই স্বর্ণাকে মিস করেছি (ওয়ানডে সিরিজে খেলেননি চোটের কারণে)। সে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। সে লম্বা এবং যে উচ্চতা থেকে লেগ স্পিন করে সেটা খেলা আরও কঠিন।’











































