Home খেলাধুলা ‘ক্রিকেটার’ পরিচয় মুছলেন ভুবনেশ্বর

‘ক্রিকেটার’ পরিচয় মুছলেন ভুবনেশ্বর

19

স্পোর্টস ডেস্ক||

দীর্ঘদিন ধরেই ভারতের হয়ে ক্রিকেট মাঠে নেই পেসার ভুবনেশ্বর কুমার। এবার মাঠের বাইরের কারণে সংবাদের শিরোনাম হলেন তিনি। ইনস্টাগ্রাম বায়োতে পরিবর্তন এনে ভক্ত-সমর্থকদের মধ্যে হইচই ফেলে দিয়েছেন এই পেসার।

ভুবনেশ্বরের ইনস্টাগ্রাম প্রোফাইলের বায়োতে আগে লেখা ছিল ‘ইন্ডিয়ান ক্রিকেটার’। যেটি পরিবর্তন হয়ে এখন লেখা হয়েছে শুধুই ‘ইন্ডিয়ান’ হিসেবে।

এদিকে, ভুবনেশ্বরের এমন বায়ো পরিবর্তনকে ভক্তরা দেখছেন অবসরের ইঙ্গিত হিসেবেই। একজন ভক্ত বলেছেন, ‘তিনি (ভুবনেশ্বর) ঠিকঠাক ফেয়ারওয়েল না পেলে সেটি হবে লজ্জাজনক’। আরেকজন তো সরাসরিই প্রশ্ন ছুঁড়ে বলেছেন, ‘ক্রিকেট থেকে অবসর?’

 

ভুবনেশ্বর সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন গত বছরের নভেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে। যদিও এ বছরের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সবকয়টি (১৪টি) ম্যাচেই খেলেছেন ভুবনেশ্বর।

 

২০১২ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর ভারতের হয়ে ২১টি টেস্ট ম্যাচ, ১২১ ওয়ানডে এবং ৮৭টি টি-টোয়েন্টি খেলেছেন ভুবনেশ্বর। দীর্ঘতম সংস্করণে ২৬.০৯ গড়ে ৬৩ উইকেট নিয়েছেন তিনি। এই ফরম্যাটে ব্যাট হাতেও বেশ সফল ভুবনেশ্বর। নিজের খেলা ২৯ ইনিংসে ৫৫২ রান আছে তার। যেখানে গড় ২২। আছে তিনটি হাফ সেঞ্চুরিও, সর্বোচ্চ রান ৬৩।

ওয়ানডেতে ৩৫.১১ গড়ে ভুবনেশ্বর নিয়েছেন ১৪১ উইকেট। তবে ভুবনেশ্বর সবচেয়ে সফল টি-টোয়েন্টি ক্রিকেটে। এই সংস্করণে ৮৭ ম্যাচ খেলে ৯০ উইকেট তার। ২৩.১০ গড়ে উইকেটগুলো নিয়েছেন তিনি। এই সংস্করণে তার ইকোনমি মাত্র ৬.৯৬। আছে ৪ রানের বিনিময়ে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও।