Home আন্তর্জাতিক বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়াচ্ছে: মমতা

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়াচ্ছে: মমতা

8

আন্তর্জাতিক ডেস্ক।।

পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যার জন্য বাংলাদেশের সাম্প্রতিক ডেঙ্গু পরিস্থিতিকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (২৭ জুলাই) পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভায় দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে এখানে ডেঙ্গু ছড়াচ্ছে। এভাবে রোগ ছড়িয়ে পড়লে কী করা যায়? কাউকে তো ঢুকতে বারণ করতে পারি না।’

বিধানসভায় বক্তব্য দেওয়ার আগে বৃহস্পতিবার সকালে ‘সবুজ বাঁচাও’ অভিযানের ডাক দিয়ে বিড়লা তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করেন মমতা। সমাজের সর্বস্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য এই মিছিলের শেষে বক্তৃতায় অন্য নানা প্রসঙ্গের সঙ্গে ডেঙ্গি নিয়ে উদ্বেগ জানান মুখ্যমন্ত্রী।

এ প্রসেঙ্গ তিনি বলেন, ‘বাংলাদেশে কিছু হলে এখানে তার প্রভাব পড়ে। তাই সীমান্ত এলাকাগুলিতে ডেঙ্গি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে হবে।’ এ ছাড়াও সাধারণভাবে ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন করে দেন মমতা। সূত্র: পিটিআই

প্রসঙ্গত, সরকারিভাবে এখনও স্পষ্ট করা না হলেও, বেসরকারি হিসাবে এ পর্যন্ত ডেঙ্গুতে রাজ্যে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে এবং এ রোগে ইতোমধ্যে মারা গেছেন ৭ জন। এ পরিস্থিতিতে কলকাতা পুরসভা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলো, যাতে বাংলাদেশ থেকে আগতদের বাধ্যতামূলক ডেঙ্গু পরীক্ষা করানো হয়। এই মর্মে রাজ্য সরকারকে চিঠিও দিয়েছিলো কলকাতা পুরসভা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশি পর্যটকদের জন্য সীমান্তে বাধ্যতামূলক ডেঙ্গু পরীক্ষা চালুর ব্যাপারটি সরকারের বিবেচনাধীনে রয়েছে।

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বর্তমানে কলকাতায় আছেন। বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা এ প্রসঙ্গে মন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি জানান, কলকাতায় প্রবেশে ইচ্ছুক বাংলাদেশি পর্যটকদের ডেঙ্গু পরীক্ষায় আপত্তি নেই ঢাকার।