ঢাকা অফিস।।
রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে ঢাকায় প্রবেশ করছে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই সমাবেশ ঘিরে যে কোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে রাজধানীর প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, বাইপাইল-আব্দুল্লাহপুর এলাকায় সড়কে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৯টা থেকে রাজধানীর এ দুই প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে পুলিশ।
আমিনবাজার এলাকায় দেখা যায়, ১০-১৫ জন পুলিশ সদস্য ঢাকাগামী লেনের একপাশে ব্যারিকেড দেন। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে আসা যাত্রীবাহী পরিবহণ থামিয়ে তল্লাশি শুরু হয়। পুলিশ সন্দেহভাজন যাত্রীদের পরিচয় জানতে চায় ও ব্যাগ তল্লাশি করে। অনেকেই তাদের জাতীয় পরিচয়পত্র দেখান। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্র্যাফিক উত্তর বিভাগ) আব্দুল্লা হিল কাফী সাংবাদিকদের জানান, এটা নিয়মিত তল্লাশির অংশ। আমাদের এখানে সবসময় তল্লাশি চালানো হয়। ঢাকায় দুটি দলের কর্মসূচি থাকায় কেউ যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারে তাই তল্লাশিতে জোর দিচ্ছি।
উল্লেখ্য, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি।
একইদিনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগের ৩ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগও।
উভয় পক্ষই আগে বৃহস্পতিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। পুলিশের অনুমতি না পেয়ে পরে তারা কর্মসূচির তারিখ পরিবর্তন করে।











































