বাগেরহাট সংবাদদাতা ||
ছাত্রদের সঙ্গে পুকুরে ওজু করতে না যাওয়ায় বাগেরহাটের শরণখোলায় নবম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। আহত ৯ম শ্রেণীর ছাত্রী মোসা. আবিদা সুলতানাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে শরণখোলা উপজেলার খাদা এজিএম দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মোসা. আবিদা সুলতানা শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের মাওলানা এমাদুল হকের মেয়ে।
এ ঘটনায় ফেসবুকসহ সামাজিক মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও অভিভাবকরা মাদ্রাসা সুপার মাওলানা ওবায়দুল্ হকের শাস্তি দাবি করেছে।
আহত ৯ম শ্রেণীর ছাত্রী মোসা. আবিদা সুলতানা বলেন, ‘মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল হক দুপুরে মাদ্রাসার ছেলে মেয়েদের একসঙ্গে পুকুরে ওজু করতে যেতে বলে। ছেলেদের সামনে মুখ খুলে পুকুরে ওযু করতে যেতে না চাওয়ায় হুজুর আমাকে মাদ্রাসা ভবনের দোতলা থেকে মারতে মারতে পুকুরের কাছে নিয়ে যায়। সেখানে নিয়ে হাত দিয়ে পিঠে, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। আমাকে পুকুরের ঘাটের পাশে একটি গাছের উপর নিয়ে ফেলে। আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। পরে আমাকে আহত অবস্থায় মাদ্রাসার একটি কক্ষে অনেকক্ষণ আটকে রাখা হয়। যেভাবে আমাকে মারা হয়েছে, তাতে আমি মরেই যেতাম। আমি হুজুরের বিচার চাই।’
আবিদা সুলতানার বাবা মাওলানা এমাদুল হক বলেন, ‘মাদ্রাসার সুপার আমার মেয়েকে মারধর করে সেটা ধামা চাপা দেওয়ার জন্য হাসপাতালে না নিয়ে মাদ্রাসার কক্ষে আটকে রাখে। পরে আমার ছেলে রেদওয়ান খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
এ বিষয়ে মাদ্রাসা সুপার মাওলানা ওবায়দুল্ হকের মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, ‘আমার কাছে এখনও কেউ অভিযোগ করেননি। আমি বিষয়টি খোজ খবর নিয়ে ব্যবস্থা নেবো।’











































