Home জাতীয় মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু ২৯ জুলাই

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু ২৯ জুলাই

119

বাসস।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কয়লাভিত্তিক মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট আগামী ২৯ জুলাই পরীক্ষামূলকভাবে চালু হবে। এই ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট। আগামী ডিসেম্বর নাগাদ বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালুর আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ২৯ জুলাই দুটি ইউনিটের মধ্যে প্রথমটি (মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের) পরীক্ষামূলকভাবে চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের ডিসেম্বরে ইউনিটটি নিয়মিত উৎপাদন প্রক্রিয়ার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরো বলেন, প্ল্যান্টের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। আগামী মার্চ বা এপ্রিল মাসে পুরোদমে উৎপাদনের যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে এটি পুরোপুরি চালুর পূর্ব পরিকল্পনা ছিল। সরকারের মেগা প্রকল্পগুলোর অন্যতম মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রটি জাপানের সহায়তার নির্মিত হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, পুরো প্ল্যান্টে প্রতিদিন ১০ হাজার টন ও প্রতিটি ইউনিটে ৫ হাজার টন কয়লা প্রয়োজন হবে। এখন পর্যন্ত ২ লাখ টন কয়লা সংরক্ষণ করা হয়েছে এবং ৬৫ হাজার টন আগামী ৭ আগস্ট উৎপাদন এলাকায় পৌঁছাবে। জাহাজ থেকে সরাসরি ট্যাংকে কয়লা আনলোড করার জন্য প্রকল্প এলাকায় দুটি জেটির পাশাপাশি ১ দশমিক ৭ মিলিয়ন টন স্টোরেজ ক্ষমতার চারটি ট্যাংক নির্মিত হয়েছে। ট্যাংকগুলো ৬০ দিনের জন্য কয়লা সংরক্ষণে সক্ষম। জাহাজ থেকে কয়লা আনলোড করতে দেড় থেকে দুই দিন সময় লাগবে। কয়লা খালাস হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে। কারণ, কয়লা সরাসরি জেটি থেকে ট্যাংকে অফলোড করা হবে।

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নে ১ হাজার ৬০৮ একর জমির ওপর স্থাপিত হচ্ছে এই বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিএল)।

সরেজমিন দেখা গেছে, কয়লা উত্তোলনের জন্য দুটি জেটি এবং কয়লা সংরক্ষণের জন্য চারটি ট্যাংক নির্মাণসহ প্রকল্পের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র সাইটের কাছে এলএনজি ও এলপিজি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রের ছাই সংরক্ষণের জন্য দুটি ছাই পুকুর রাখা হয়। একটি ৯০ একর ও অন্যটি ৬০০ একর আয়তনের। কয়লা সংরক্ষণের জন্য ৮০ একর জমিতে কোল ইয়ার্ড তৈরি করা হয়েছে।