স্পোর্টস ডেস্ক।।
চীনের হাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। টুর্নামেন্টটির পর্দা নামার কথা পরের মাস অক্টোবরের ৮ তারিখে। আজ বৃহস্পতিবার গেমসের ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
ফুটবল ডিসিপ্লিনে ছেলেদের বিভাগে কঠিন গ্রপেই পড়েছে বাংলাদেশ। স্বাগতিক চীনসহ টুর্নামেন্টে অংশ নেবে ২৩ দল। বাংলাদেশের গ্রুপ ‘এ’। যেখানে অন্য প্রতিপক্ষ চীন, ভারত ও মিয়ানমার। ছেলেদের বিভাগে একমাত্র ‘ডি’ গ্রুপে তিনটি দল। ওই গ্রুপে খেলবে জাপান, ফিলিস্তিন ও কাতার। বাকি সব গ্রুপে খেলবে ৪টি করে দল। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল ও তৃতীয় স্থানে ছাড়া সেরা চার দল উঠবে শেষ ষোলোতে।
এদিকে, মেয়েদের বিভাগে অংশ নিচ্ছে ১৭টি দল। এর মধ্যে ৪টি করে দল খেলবে ২ গ্রুপে। আর ৩টি দল খেলবে ৩ গ্রুপে। ‘ডি’ গ্রুপে জাপান, নেপাল ও ভিয়েতনামের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা। এই বিভাগে পাঁচ গ্রুপের চ্যাম্পিয়ন ও দ্বিতীয় স্থানে থাকা সেরা তিন দল খেলবে সরাসরি কোয়ার্টার ফাইনালে।
অনূর্ধ্ব -২৩ বয়সী ছেলেদের এই দল আগে পাঠানোর কথা না থাকলেও শেষ পর্যন্ত পাঠানো হচ্ছে। জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরাই থাকবেন ছেলেদের ডাগআউটে। তবে নিবন্ধন জটিলতার কারণে মেয়েদের কোচ সাইফুল বারী টিটু ডাগআউটে থাকতে পারেন কি না সেটি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।











































