আন্তর্জাতিক ডেস্ক।।
প্রায় ২০ বছরের মধ্যে প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে সিঙ্গাপুরে। দেশটির মানবাধিকার আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, মাদকের মামলায় সাজা পাওয়া ওই নারীর নাম সারিদেউই জামানি। ৪৫ বছর বয়সী জামানি সিঙ্গাপুরের নাগরিক।
স্থানীয় মানবাধিকার গ্রুপ ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেকটিভ (টিজেসি) জানিয়েছে, আগামীকাল শুক্রবার সারিদেউই জামানির মৃত্যুদণ্ড কার্যকর হবে।
খবরে বলা হয়েছে, ৩০ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে ২০১৮ সালে জামানিকে দোষীসাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন দেশটির আদালত। বিশ্বে যে কয়েকটি দেশ মাদকের বিরুদ্ধে কঠোর আইন জারি আছে সিঙ্গাপুর তার অন্যতম।
বিবিসি জানিয়েছে, সিঙ্গাপুরে ১৫ গ্রামের বেশি হেরোইন এবং ৫০০ গ্রামের বেশি গাঁজা বহন করলেই মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।
দেশটিতে মাদক মামলায় তিন দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হতে চলা দ্বিতীয় ব্যক্তি হচ্ছে জামানি। এর আগে গতকাল বুধবার দেশটির আরেক নাগরিক আজিজ বিন হুসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।











































