Home আঞ্চলিক নির্বাচনে মিডিয়ার সঙ্গে আচরণ নির্বাচন কমিশনের নির্দেশমতো হবে

নির্বাচনে মিডিয়ার সঙ্গে আচরণ নির্বাচন কমিশনের নির্দেশমতো হবে

18

স্টাফ রিপোর্টার।।
সাংবাদিকদের উদ্দেশ্যে খুলনার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মিডিয়ার সঙ্গে আচরণ নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবেই হবে। নির্বাচনের সময় অনুমতি ছাড়া কেউ যানবাহন ব্যবহার করলে পুলিশ তাকে বাধা দেবে।

তিনি আরও বলেন, কোনো ঘটনার প্রেক্ষাপটে আমরা আপনাদের বক্তব্য দেব। সেই ব্যবস্থা করা হচ্ছে। তবে অনেক সময় বক্তব্য ছাড়া অনেকেই নিউজ করে দেন যেটা খুবই দু:খজনক। আশাকরি সেটা আপনারা করবেন না। এছাড়া আপনাদের (সাংবাদিক) কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই সেটা আমাদের শেয়ার করবেন।

বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত এসপি এ কথা বলেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার খুলনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং তিনি আগামীতে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এসএম আল-বেরুনী, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ জুলাই মোহম্মদ সাইদুর রহমান খুলনার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি পিরোজপুর জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন। তিনি মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মোহম্মদ এবাদত খান ও রিজিয়া বেগম দম্পতির সন্তান এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৫তম ব্যাচে পুলিশ ক্যাডার অফিসার হিসেবে যোগ দেন।