স্পোর্টস ডেস্ক।।
মাত্র ১১ ঘণ্টার জন্য বাংলাদেশ সফরে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটায় তাকে বহন করা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মার্তিনেজকে ঢাকায় আতিথেয়তা দিচ্ছে ফান্ডেড নেক্সট। বাংলাদেশে বাংলাদেশে পৌঁছে তিনি ঘণ্টা তিনেক হোটেলে বিশ্রাম করেন। এরপরই বাড্ডায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয় পরিদর্শন করতে যান। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মার্তিনেজের সঙ্গে দেখা করার পর এক দীর্ঘ স্ট্যাটাসে মাশরাফি লেখেন, ‘এমিকে ভালো লাগার শুরু কোপা আমেরিকা থেকেই, যেখানে সে টাইব্রেকারে দুটি গোল আটকে দিয়ে দলকে জয় এনে দিল। কত বছর পর বড় কোনো শিরোপা জিতল আর্জেন্টিনা! লিওনেল মেসিও পেল দেশের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ। স্বাভাবিকভাবেই পাখির চোখে তাকিয়ে ছিলাম বিশ্বকাপের দিকে। কিন্তু সৌদি আরবের সাথে হেরে মনে হয়েছিল, আরেকটি বিশ্বকাপও হয়তো শেষ হবে হতাশায়। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো এবং পরে বিশ্বকাপ জয় দেখতে পারাটা ছিল অনেক দিনের লালিত স্বপ্ন পূরণের মতো। সেই জয়ের অন্যতম নায়ক এমির সঙ্গে দেখা হলো আমাদের এই ঢাকায়। খুব অল্প সময়ের জন্য দেখা, কিন্তু দারুণ এক অনুভূতি। বিশ্বকাপ জয়ী দলের গোলকিপার চোখের সামনে! সে তো জানে না, আমার এবং আমার মতো আরও কত কোটি মানুষের কত বছরের অপেক্ষা শেষ হলো, যেদিন তার ঐ হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করল!’
তবে নিজের চেয়েও মাশরাফির বেশি ভালো লেগেছে মার্তিনেজকে নিয়ে সন্তানদের আগ্রহ পূরণ করতে পেরে। তিনি লেখেন, ‘আজকে আসলে বেশি ভালো লাগছে আমার সন্তানদের জন্য। যখন বললাম, ‘‘এমি আসছে, তোমাদের কি দেখা করার ইচ্ছা আছে?’’ ওরা লাফাচ্ছিল। সবশেষ দুটি দিন ওরা ঠিকমতো ঘুমাতে পারছিল না এমিকে দেখবে বলে। আজকে এমির সঙ্গে দেখা হওয়ার পর বললাম, ‘‘বাচ্চারা তোমার অটোগ্রাফ নিতে চায়।’’ সে এত আন্তরিকতা দেখাল, এক কথায় অসাধারণ। এমনকি সে ছবিও তুলে দিল ওদের সঙ্গে। এখন তারা মহাখুশি, আর ওদের খুশিতে আমিও এখন মহাখুশি।’
ফুটবল র্যাংকিংয়ে আর্জেন্টিনা বর্তমানে ১ নম্বরে। অন্যদিকে বাংলাদেশ আছে একেবারে তলানির দিকে, ১৯২তম অবস্থানে। তবে মাশরাফি বিশ্বাস করেন একদিন বাংলাদেশও খেলবে ফুটবল বিশ্বকাপ। স্ট্যাটাসের শেষদিকে মাশরাফি লেখেন, ‘এমি, আপনাকে স্বাগত এই বাংলার মাটিতে। এখানে আপনাদের অগুনতি ভক্ত আছে, যুগ যুগ ধরে। আশা করি, আপনারও ভালো লাগছে এই মাটিতে পা রেখে। পাশাপাশি এটাও ভাবি, সত্যি বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করবে আর আমরা আমাদের পতাকা নিয়ে মিছিল করব, ইনশাল্লাহ। অনেকের কাছে এখন এটা অবাস্তব মনে হতে পারে। তবে আমি বিশ্বাস করি, কাজটা কঠিন, খুব কঠিন হলেও অসম্ভব নয়। স্বপ্ন পূরণের সেই দিনটির অপেক্ষায় আছি, ইনশাল্লাহ।’
মার্তিনেজ বিকেল ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এরপর বিকেল সাড়ে চারটার পরে কলকাতার উদ্দেশে রওনা দিবেন। এ দেশের আর্জেন্টাইন সমর্থকদের কোনো উন্মাদনা দেখার সুযোগ পাচ্ছেন না তিনি। কারণ, সাধারণ মানুষের কোনো অনুষ্ঠানই রাখা হয়নি সূচিতে।











































