Home আঞ্চলিক যশোরে বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

যশোরে বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

18

যশোর অফিস।।
যশোরে নাশকতার মামলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে যশোর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খানসহ যুবদল ও ছাত্রদলের ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলার বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির বলেন, গায়েবি মামলায় বিএনপি, যুবদল, ছাত্রদলের সিনিয়র নেতাদের কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। আজ তারা যশোর আদালতে আত্মসমর্পণ করেন। জামিনের জন্য হাইকোর্টে আবেদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।