Home আঞ্চলিক সবজি বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও কাঁচা মরিচ প্রতি কেজি হাজার টাকা

সবজি বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও কাঁচা মরিচ প্রতি কেজি হাজার টাকা

93

কাজী মোহাম্মদ ইউনুছ।।
খুলনায় সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কাঁচা মরিচের দাম বেড়েছে ৫৬০ টাকা। গত সপ্তাহে ২৪০ টাকায় বিক্রি হলেও প্রতি কেজি মরিচ এখন বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকায়। বিভিন্ন কাঁচা বাজারে দামের দিক থেকে কাঁচা মরিচ খুলনার সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে এ বছর। খুলনার ব্যবসায়ীরা বলছেন, আমদানি না হলে কাঁচা মরিচের দাম আরও বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। এদিকে অতিরিক্ত দাম তুঙ্গে হওয়ার কারণে নিয়মিত কাঁচা মরিচ দোকানে তুলছেন না খুলনার ব্যবসায়ীরা।
খুলনার কেসিসি সন্ধ্যা বাজার, গ্লামারী বাজার, বড় বাজার চাঁনমারী বাজার, টুটপাড়া জোড়াকল বাজার, বানরগাতী বাজার সহ একাধিক কাঁচা বাজার ঘুরে দেখা যায়, বেশ কিছুদিন ধরে কাঁচা মরিচের দাম একের পর এক বেড়ই চলেছে। গত ২৫ জুন খুলনার প্রায় সব বাজারে ২৪০ টাকায় বিক্রি হয়েছে মরিচ। এখন সেটি বেড়ে ৮০০ থেকে ১০০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
সোনাডাঙ্গা পাইকারি বাজারের আড়ৎদার সুমন সরদার বলেন, কয়েকদিন ধরে বাজারে মরিচের দাম অতিরিক্ত হওয়ার কারণে কাঁচা মরিচ নেই বললেই চলে। খুলনা সহ সারা দেশে টানা বৃষ্টি হওয়ার কারণে বাজারে মরিচ এখন আসছে না। যেটুকু পরিমান আসছে তা নিয়ে খুচরা বিক্রেতাদের মধ্যে কাড়াকাড়ি। তার ওপর অধিক দাম নিয়ে বিক্রেতারা খুচরা বিক্রেতাদের কাছে মরিচ বিক্রি করছেন। ফলে খুচরা বিক্রেতারাও বাজারে সেই দাম অনুযায়ী অতিরিক্ত দামে মরিচ বিক্রি করছেন।
টুটপাড়া জোড়াকল বাজারের সবজি বিক্রেতা মাসুদ হাসান বলেন, বাজারে অন্যান্য সবজির দাম তেমন না বাড়লেও গত সপ্তাহের মতো এ সপ্তাহে একই দামে বিক্রি হচ্ছে, ঝিঙ্গে, লাউ, পটল, বেগুন, কুশি, কাঁকরোল, পেঁপে, লাল শাক, লাউ শাক সহ প্রায় সব সবজি।
খুলনার বাজারে বেগুন বিক্রি হয়েছে মিষ্টি কুমড়া ৪০ টাকা, টমেটো ৮০ টাকা, ৫০ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙে ৬০ টাকা, কুশি ৬০ টাকা, পটল ৪০-৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচু ৭০ টাকা, কচুর মুখি ৭০ টাকা ও বরবটি ৬০ টাকা।
নগরীর বানরগাতী বাজারের ব্যবসায়ী মামুন শিকদার বলেন, খুলনার প্রায় সব বাজারেই এখন সবজির দাম তুলনামূলক কম। বৃষ্টির পরিমাণ যত বাড়বে সবজির দাম ততই কমবে। তবে এ ব্যবসায়ী বলেন, কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় এখন আর কেউ মরিচ তুলছেন না। এতো দাম দিয়ে কিনে শেষে লোকসান হতে পারে এ আশঙ্কা বিরাজ করছে।