অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক অর্থনৈতিক জোট-ব্রিকসের আগস্ট সম্মেলনে সদস্য হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের। পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়- ‘এটি আমাদের অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে। আমাদের তো টাকা-পয়সা দরকার; সেদিক থেকে এটি ভালোই হবে।’
ব্রিকসের এখন পাঁচটি সদস্য দেশ। আগস্টে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন আরো আটটি দেশকে সদস্য করা হতে পারে। দেশগুলোর মধ্যে আছে- বাংলাদেশ, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
এর আগে গত ২ জুন কেপটাউনে অনুষ্ঠিত হয় ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন। ওই সম্মেলনে সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ, সৌদি আরব, ইরান ও মিসরসহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী। এখন পর্যন্ত ২০টির মতো দেশ ব্রিকসে যোগ দেয়ার আগ্রহের কথা জানিয়েছে। এর মধ্যে ১২টি দেশ তখন পর্যন্ত আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। তবে আলজেরিয়া ও সৌদি আরবের যোগদান নিয়ে আন্তর্জাতিক বিশে^র আগ্রহ দেখা যাচ্ছে। কারণ এই দু’টি দেশ তেল উৎপাদন করে। তেল উৎপাদন ও দর নির্ধারণে ব্রিকসের মধ্যে থেকে দেশ দু’টি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
জোটে মাত্র পাঁচটি দেশ থাকলেও বিশ্ব অর্থনীতিতে দেশগুলোর অবস্থান অনেক জোরালো। বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ বাস করে এই পাঁচ দেশে। বৈশ্বিক জিডিপির (মোট দেশজ উৎপাদন) সাড়ে ৩১ শতাংশ ব্রিকসের দখলে। যেখানে বিশ্বের সাত ধনী দেশের ফোরাম জি-সেভেনের জিডিপি ৩০ শতাংশ। ব্রিকস জোটের রাজনৈতিক শক্তিও চোখে পড়ার মতো। ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেয়া ব্যবস্থা ব্রিকসের কোনো দেশই আমলে নেয়নি; বরং রাশিয়ার সাথে বাণিজ্য বাড়িয়েছে। ব্রিকসের চরিত্রটি এখানে স্পষ্ট। মূলত রাশিয়ার উদ্যোগে গঠিত ব্রিকস একটি অর্থনৈতিক জোট হলেও একে পশ্চিমা বা মার্কিনবিরোধী জোট বলা হয়। পশ্চিমা মিডিয়া তো বলেই, আমাদের দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ বিশ^ব্যাংক ঢাকার সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন একটি দৈনিককে বলেছেন, ব্রিকস কোনো অর্থনৈতিক জোট নয়, এটি মূলত রাজনৈতিক ফোরাম। এ ফোরামে ভূ-রাজনীতিই বেশি প্রাধান্য পায়, অর্থনৈতিক বিষয়গুলো নয়। সে জন্য এ জোটে যোগ দিলে আমাদের অর্থনৈতিক সুবিধা কী হতে পারে সেগুলোর সবই জল্পনা-কল্পনা। কিন্তু ব্রিকসে যোগ দিলে এ জোটের রাজনৈতিক পাল্লাটা ভারী হবে। কিন্তু নতুন কোনো বাণিজ্যিক চুক্তি বা বাণিজ্যিক সুযোগ-সুবিধা সৃষ্টি হবে কি না তা এখনো নিশ্চিত নয়।
এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এক ধরনের টানাপড়েনের সম্পর্ক চলছে। চীনমুখী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য স্বস্তিকর হবে না নিশ্চিত। সুতরাং বিষয়টি সরল মনে দেখার সুযোগ নেই। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের ভারসাম্য রক্ষা করে চলতে হবে- এটি সবাই জানে, বোঝে। কিন্তু পাল্লা কোনো দিকে ঝুঁকে পড়লে তা আমাদের জন্য নিশ্চিত ঝুঁকির কারণ হবে।
ওয়াশিংটনভিত্তিক উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্সের পরিচালক মাইকেল কুগেলম্যান আন্তর্জাতিক মিডিয়াকে বলেছেন, বাংলাদেশ পশ্চিমা বিশ্বকে অবজ্ঞা করতে ব্রিকসে যোগ দিলে ভুল করবে। যদি পশ্চিমা বিশ্বের সাথে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্কে ভারসাম্য রক্ষা করে চলতে পারে; সে ক্ষেত্রে ব্যাপক উপকৃত হবে।
ইরান ব্রিকসের সদস্য হতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে পাকিস্তানও হয়তো আসবে চীনা প্রভাবের কারণে। তখন জোটের মধ্যে নতুন মেরুকরণ শুরু হবে। ভারত অস্বস্তি বোধ করছে এরই মধ্যে। এক পাকিস্তানকে সহ্য করতে না পেরে ভারত যেমন সম্ভাবনাময় আঞ্চলিক জোট সার্কের অপমৃত্যুর কারণ হয়েছে, ব্রিকসের ক্ষেত্রেও তেমন শঙ্কার বাস্তব কারণ আছে। ব্রিকসে চীনের খবরদারি মানতে মানসিকভাবে প্রস্তুত নয় ভারত। তবে সেটি বাংলাদেশের জন্য বড় বিবেচ্য নয়; বরং বাংলাদেশকে নিজের উদ্বেগের বিষয়গুলো যথেষ্ট ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।











































