Home জাতীয় হজ পালনের জন্য সৌদি যাচ্ছেন রাষ্ট্রপতি, পাবেন রাজকীয় আতিথেয়তা

হজ পালনের জন্য সৌদি যাচ্ছেন রাষ্ট্রপতি, পাবেন রাজকীয় আতিথেয়তা

15

ঢাকা অফিস।।
সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে জন্য সৌদি আরবে যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপ্রধানের সঙ্গে যাচ্ছেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গী।
শুক্রবার (২৩ জুন) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা করবেন রাষ্ট্রপতি।

আজ বুধবার (২১ জুন) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।

জয়নাল আবেদীন আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি৩৩১) রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সেদিন দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করবেন।

সময়সূচি অনুযায়ী- বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) জেদ্দায় অবতরণ করবেন রাষ্ট্রপ্রধানের ভিভিআইপি ফ্লাইটি । সেখানে অবস্থানকালে তিনি আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন। হজের যাবতীয় প্রক্রিয়া শেষ করে রাষ্ট্রপতি আগামী ১ জুলাই মহানবি হজরত মুহম্মদ (সা.)-এর মাজার জিয়ারতের জন্য মদিনায় যাবেন।

সৌদি আরবে ১০ দিনের সফর শেষে আগামী ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।