ক্রীড়া ডেস্ক ||
জার্মান বুন্দেসলিগার সেরা খেলোয়াড় জুদে বেলিংহ্যামকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। তার প্রাথমিক চুক্তি ১০৩ মিলিয়ন ইউরোতে হলেও অন্যান্য সব মিলিয়ে সেটা ছাড়িয়ে যাবে ১৩৩.৯ মিলিয়ন ইউরো।
ছয় বছরের জন্য ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে চুক্তিবদ্ধ করেছে লস ব্লাঙ্কোসরা। বৃহস্পতিবার ইংলিশ এই তারকাকে উপস্থাপন করবে রিয়াল মাদ্রিদ।
কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন বেলিংহ্যাম। এছাড়া বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা এই মিডফিল্ডার বুন্দেসলিগার এবারের আসরের সেরা ফুটবলার নির্বাচিত হন।
রিয়াল তাকে ১০৩ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানোয় তিনি দ্বিতীয় সবচেয়ে দামি ইংলিশ ফুটবলার হয়ে গেলেন। তার আগে জ্যাক গ্রেয়ালিশকে ২০২১ সালে ১১৭ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি।
এদিকে রিয়াল মাদ্রিদের ইতিহাসে তিনি হয়েছেন দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল সাইনিং। তার আগে ২০১৯ সালে রিয়াল মাদ্রিদ ইডেন হ্যাজার্ডকে ১১৫ মিলিয়ন ইউরোতে দলে নিয়েছিল চেলসি থেকে।
তবে কিশোর হিসেবে তিনি তৃতীয় সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন দল বদলে। তার আগে ২০১৮ সালে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) রেকর্ড ১৮০ মিলিয়ন ইউরোতে কালিয়ান এমবাপ্পেকে দলে ভিড়িয়েছিল। আর ২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ ১২৬ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছিল জোয়াও ফেলিক্সকে।
গেল বছরের অক্টোবরে তিনি ডর্টমুন্ডের ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হয়েছিলেন। সদ্য সমাপ্ত মৌসুমে জার্মান ক্লাবটির হয়ে ৪২ ম্যাচ খেলে গোল করেছেন ১৪টি। আর গোলে সহায়তা করেছেন ৭টি।











































