স্পোর্টস ডেস্ক||
ইংলিশ প্রিমিয়ার লিগ আগেই নিশ্চিত হয়েছিল ম্যানচেস্টার সিটির। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় দল হিসেবে ‘ট্রেবল’ জিততে তাদের বাকি ছিল এফ এ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এফএ কাপের ফাইনালে ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েই ‘ট্রেবলের’ পথে আরও এক ধাপ এগিয়ে গেল সিটি। আগামী ১০ জুন অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই ইতিহাস গড়া হয়ে যাবে পেপ গার্দিওলার দলের।
আজ শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয় এফএ কাপের ফাইনাল। খেলার প্রথম মিনিটেই ইউনাইটেডের জালে বল জড়ান সিটির মিডফিল্ডার ইলকায় গুনডোগান। কেভিন ডি ব্রুইনার থেকে পাওয়া বলে তার দুর্দান্ত ভলি চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না ইউনাইটেড কোড দেভিদ দে হেয়ার। ৩৩ মিনিটে পেনাল্টিতে গোল দিয়ে ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রুনো ফের্নান্দেস। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো গুনডোগানের গোল। এবারও বলের যোগানদাতা সেই ডি ব্রুইনা। তার ফ্রি কিক খুঁজে পায় ডি বক্সের মাথায় ‘আনমার্কড’ গুনডোগানকে। সাথে সাথে শট, যেটি দুইবার ড্রপ খেয়ে খুঁজে নেয় জাল। ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি দে হেয়া। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় নির্ধারিত সময়েই নিশ্চিত হয়ে যায় সিটির শিরোপা।










































