Home আঞ্চলিক ঝুঁকি নিয়ে খুলনার ডকইয়ার্ডগুলোতে কাজ করছেন শ্রমিকরা

ঝুঁকি নিয়ে খুলনার ডকইয়ার্ডগুলোতে কাজ করছেন শ্রমিকরা

21

স্টাফ রিপোর্টার।।

খুলনার ডকইয়ার্ডগুলোতে কোনো ধরনের সুরক্ষা ছাড়াই কাজ করছেন কয়েক হাজার শ্রমিক। সাম্প্রতিক এক গবেষণায় ডকইয়ার্ড এলাকার মাটিতে পাওয়া গেছে ক্ষতিকর নিকেল, ক্রোমিয়াম, কপার, লেড ও ক্যাডমিয়াম; যা মাটি, পানি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। চিকিৎসকরা বলছেন, এসব ধাতু মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

সরেজমিন একটি ডকইয়ার্ডে দেখা যায়, নির্মাণাধীন একটি জাহাজে হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাজ করছেন আব্দুল মালেক শেখ। তবে ওই মেশিনে নেই কোনো সেফটি গার্ড। প্রায় ১৫ বছর ধরে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে খুলনার বিভিন্ন ডকইয়ার্ডে কাজ করছেন তিনি।

আব্দুল মালেক শেখ বলেন, অন্যান্য কাজের থেকে এই কাজে ঝুঁকি অনেক বেশি। তবে দীর্ঘদিন এই পেশায় থাকার কারণে এখন আর পেশা বদলাতে পারছেন না। তার সঙ্গে কাজ করতেন এমন অনেকেই ডকইয়ার্ডে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি আরও বলেন, সরকারি ডকইয়ার্ড ছাড়া খুলনার কোনো ডকইয়ার্ডে শতভাগ সুরক্ষার ব্যবস্থা নেই। তাই বাধ্য হয়েই সুরক্ষা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।

 

শুধু আব্দুল মালেক নন, এভাবে ঝুঁকি নিয়ে ডকইয়ার্ডগুলোতে কাজ করছেন কয়েক হাজার শ্রমিক। তবে এ নিয়ে কোনো মাথাব্যথা নেই শ্রমিক বা মালিক সংগঠনের।

বৃহত্তর খুলনা ডকইয়ার্ড মালিক সমিতির তথ্যমতে, খুলনার ৪০টি ডকইয়ার্ডে কাজ করছেন প্রায় চার হাজার শ্রমিক।

বৃহত্তর খুলনা ডকইয়ার্ড মালিক সমিতির উপদেষ্টা মো. খুরশীদ আলম কাগজী বলেন, ‘বড় ঝুঁকির সঙ্গে কখনোই আমরা কম্প্রোমাইজ করি না। বড় ঝুঁকিগুলো সবসময় আমরা কভার করি। আর ছোটখাটো বিষয়গুলো ওভারলুক করি। কারণ, এই খরচ আমরা মেইনটেন করতে পারি না।’

তিনি আরও বলেন, ‘বেসরকারি ডকইয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার কারণে রেট অনেক কমে যায়। সরকারি ডকইয়ার্ড থেকে আমাদের রেট প্রায় কয়েক গুণ কম। কম রেটে কাজ করার জন্যই সুরক্ষার শতভাগ মানা যাচ্ছে না।’

এদিকে সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় মিলেছে উদ্বেগজনক তথ্য। ডকইয়ার্ড এলাকার এসব মাটিতে পাওয়া গেছে অতিরিক্ত মাত্রার ক্ষতিকর নিকেল, ক্রোমিয়াম, কপার, লেড ও ক্যাডমিয়াম, যা এ এলাকার মাটি, পানি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

আরও পড়ুন: রাজধানীর মাতুয়াইলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যুখুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী জান্নাতি আক্তার খুলনার পাঁচটি ডকইয়ার্ডের মাটি ল্যাবে পরীক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রার অতিরিক্ত এই পাঁচটি ভারী ধাতুর উপস্থিতি পেয়েছেন। তার দাবি, এই ধাতুগুলো মাটির সঙ্গে মিশে উদ্ভিদে প্রবেশ করছে। এ ছাড়া পার্শ্ববর্তী নদীতে থাকা প্রাণীদেরও হুমকিতে ফেলছে। আর বাতাসের মাধ্যমে এ এলাকায় বসবাসরত মানুষের দেহেও প্রবেশ করছে এসব ভারী ধাতু।

এ বিষয়ে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, এসব ভারী ধাতু অতিমাত্রায় মানবদেহের জন্য চরম হুমকি। এই ধাতুগুলো যখন শরীরে প্রবেশ করে তখন স্টোমাক, লিভার, রক্তের মাধ্যমে ব্রেন, কিডনি সব জায়গায় ক্ষতি করে। সাধারণ ডিজিজ থেকে শুরু করে ক্যানসার পর্যন্ত হয়ে যেতে পারে।

খুলনা পরিবেশ অধিদফতরের পরিচালক মো. ইকবাল হোসেন বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনার একটি নীতিমালা আছে। ডকইয়ার্ডগুলোর বর্জ্য নির্দিষ্ট জায়গায় রাখার কথা এবং তাদের বর্জ্য ব্যবস্থাপনা করার কথা। যদি তারা বর্জ্য নদীতে ফেলে, তাহলে এ বিষয়ে আমরা পদক্ষেপ নেব। কারণ, এই ভারী ধাতু যদি পানিতে গিয়ে পড়ে, তাহলে মাটি ও পানিতে থাকা সব প্রাণীর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।’