ঢাকা অফিস//
প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীকে তার মেঝো বোন কিডনি দিতে চেয়েছিলেন। বিদেশিরাও দিতে চেয়েছিল কিন্তু তিনি নেননি বলে জানিয়েছেন তার ছোট বোন আলেয়া চৌধুরী। তিনি জানিয়েছেন, তাঁর ভাই (ডা. জাফরুল্লাহ চৌধুরী) সুযোগ থাকার পরও কিডনি পরিবর্তন না করার কারণ হিসেবে বলতেন, ‘আমার দেশের মানুষ সুলভে কিডনি পরিবর্তন করতে পারে না। আমি কেন একা সুবিধা নেব?’
বুধবার (১২ এপ্রিল) ভাইয়ের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
আলেয়া চৌধুরী আরও বলেন, ছাত্র থাকাকালে আমার ভাই (ডা. জাফরুল্লাহ চৌধুরী) খালি পায়ে মেডিকেল কলেজে যেত, মাত্র দুইটা প্যান্ট ছিল। মেডিকেলে চাঞ্চ পাওয়ার পর ফুল প্যান্ট ধার করে কলেজে গিয়েছেন বড় ভাই। আমরা কাপড় দিলে বলতো, ‘আমার দেশের মানুষ কাপড় পড়তে পারে না আমি একা কেন পড়বো।’
দেশে গণতন্ত্র, সুশাসন ও সুষ্ঠু নির্বাচনব্যবস্থা গড়ে না ওঠা এই মুক্তিযোদ্ধার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ ছিলো বলে জানিয়ে প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছোট বোন বলেন, দেশে গণতন্ত্র আসেনি, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এটা উনার জীবনের বড় অপ্রাপ্তি ছিল। তিনি একথা চ্যানেল টোয়েন্টিফোরের সংবর্ধনায়ও বলেছিলেন। তিনি বার বার বলেছেন, বেগম খালেদ জিয়াকে মুক্তি দাও। তিনি কোনোদিন লোভ করেননি। দেশের মানুষকেও লোভ না করে গণতন্ত্রের জন্য, দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে বলেছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে গণস্বাস্থ্য হাসপাতাল যেন ঝিমিয়ে না পড়ে সেজন্য দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তাঁর বোন। বলেন, গণস্বাস্থ্য আমার ভাইয়ের একার নয়, সারাদেশের প্রতিষ্ঠান। এটাকে আপনারা দান করে টিকিয়ে রাখুন।









































