খবর বিজ্ঞপ্তি।।
বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (১২ এপ্রিল) মিডিয়া সেল প্রদত্ত শোক বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন দেশ, জাতি ও জনগণের কল্যাণে অবদান রেখেছেন। তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের জন্য ফিল্ড হাসপাতাল, স্বাধীনতা পরবর্তীকালে স্বল্প মূল্যে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন এবং সমাজ সংস্কারে ও বিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রের সকল সঙ্কটে তিনি এগিয়ে এসেছেন অকুতোভয় সৈনিক হিসেবে। নেতৃবৃন্দ আরো বলেন, দেশ ও জনগণের কল্যাণে তার বলিষ্ঠ অবদানের স্বীকৃতি হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম মরহুম জাফরুল্লাহ চৌধুরীকে প্রথম স্বাধীনতা পদকে ভূষিত করেন। আওয়ামী সরকারের গণতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন এবং দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন, জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।










































