Home আঞ্চলিক খুলনার ঈদবাজার// নিউমার্কেট ফাঁকা, জমজমাট ‘মধ্যবিত্তের বাজার’

খুলনার ঈদবাজার// নিউমার্কেট ফাঁকা, জমজমাট ‘মধ্যবিত্তের বাজার’

16

স্টাফ রিপোর্টার।।
রমজান মাস শেষের দিকে। পবিত্র ঈদুল ফিতরের আর বেশিদিন বাকি নেই। এ সময় কেনাকাটা জমে ওঠার কথা থাকলেও খুলনা নিউমার্কেট ফাঁকা। তবে একই সময়ে বিপরীত দৃশ্য মধ্যবিত্তের বাজার হিসেবে পরিচিত ডাকবাংলো এলাকার মার্কেটগুলোতে। তীব্র খরতাপ উপেক্ষা করে সেখানে ভিড় করছেন ক্রেতারা। তবে পোশাকের দামে তাঁদের মন খারাপ। তাঁরা বলছেন, দাম বেশি হওয়ায় তাঁদের একাধিক দোকান ঘুরে যাচাই করে কিনতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, এবার পাইকারি বাজারে পোশাকের দাম বেশি। এ কারণে তাদেরকেও সেভাবে বিক্রি করতে হচ্ছে।
সোমবার দুপুরে নিউমার্কেট ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানে ক্রেতার সংখ্যা হাতেগোনা। মেয়েদের পোশাকের দোকানে ভিড় নেই বললেই চলে। দ্বিতীয় তলায় পাঞ্জাবি ও প্রসাধনী সামগ্রীর দোকানে কিছু ক্রেতা চোখে পড়ে।

নিউমার্কেটের খুলনা এন্টারপ্রাইজের মালিক সেলিম তারিক জানান, মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত ভালো বিক্রি হয়েছে। লাইনে দাঁড়িয়ে জিনিসপত্রের দাম পরিশোধ করেছেন ক্রেতারা। কিন্তু এখন বিক্রি কমে গেছে।

ডাকবাংলো এলাকা ঘুরে দেখা যায়, প্রচণ্ড রোদ ও গরমের মধ্যেও সড়কে হাঁটার জায়গা নেই। ফুটপাত থেকে শুরু করে ডাকবাংলো এলাকার মার্কেটগুলোর ভেতরের প্রতিটি দোকানেই ভিড়। ছোটদের পোশাক, ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের কামিজের দোকানে ভিড় সবচেয়ে বেশি। তবে পোশাকের দামে ক্রেতারা ক্ষুব্ধ।

রেলওয়ে হাসপাতাল রোডের খুলনা বিপণিকেন্দ্রের সামনে কথা হয় নগরীর টুটপাড়া এলাকার বাসিন্দা সোহরাব হোসেনের সঙ্গে। তিনি বলেন, প্রতিটি পোশাকের দাম ৩০০ থেকে ৫০০ টাকা বেশি। নিক্সন মার্কেটে ভালো মানের পাঞ্জাবি ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে পাওয়া যেত। এবার সেই পাঞ্জাবির দাম দেড় হাজার টাকা চাইছে। আগে দু-একটি দোকানে গিয়ে কেনা যেত, এখন কয়েকটি দোকান ঘুরতে হচ্ছে।

ওই এলাকার এস এম রব শপিং কমপ্লেক্সে কথা হয় টুটপাড়া এলাকার ব্যবসায়ী ইউসুফ আলীর সঙ্গে। তিনি বলেন, কম দামে ভালো পোশাক কিনতে স্বল্প আয়ের মানুষ ডাকবাংলো এলাকার মার্কেটে আসেন। কিন্তু এই মার্কেটও এখন নিম্ন আয়ের মানুষের নেই। প্রতিটি পোশাকের দাম অনেক বেশি।

হ্যানিম্যান মার্কেটের বেস্ট চয়েজের মালিক রাকিবুল ইসলাম সোহাগ বলেন, পাইকারি বাজার থেকে প্রতিটি পোশাক ২০ থেকে ৩০ শতাংশ বেশি দামে কিনতে হচ্ছে। এ জন্য বিক্রিও করতে হচ্ছে সেভাবে। দাম বেশি হওয়ায় এ বছর বিক্রি কমে গেছে। পাইকারি দামেই পণ্য ছেড়ে দিচ্ছেন বলে জানান এই ব্যবসায়ী।

খুলনা বিপণিকেন্দ্র দোকান মালিক সমিতির সভাপতি ও কে আই গার্মেন্টের মালিক কামরুল ইসলাম বলেন, প্রতিটি পোশাকের দাম ২০ থেকে ২৫ শতাংশ বেড়েছে। প্রচুর ক্রেতা আসছেন; কিন্তু দাম বেড়ে যাওয়ায় বিক্রি কম। তবে ঈদের আগের সপ্তাহে বিক্রি বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।