মেহেরপুর প্রতিনিধি।।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশে মামলার তুলনায় বিচারকের সংখ্যা খুবই কম। ফলে বাড়ছে মামলার দীর্ঘসূত্রিতা। তারপরও বিচারকরা সাধ্যমতো চেষ্টা করছেন মামলাজট কমানোর। জট কমাতে নতুন বিচারক নিয়োগের কার্যক্রমও চলমান আছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামক বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, এই দেশে ৪০ লাখ মামলার জন্য বিচারকের সংখ্যা মাত্র দুই হাজার। বিচারকের সংখ্যা একবারেই কম। ইতোমধ্যেই ১০২ জন বিচারক নিয়োগের কাজ চলছে, যা পুলিশি তদন্তের পর্যায়ে রয়েছে। আরও একশো বিচারক নেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রের মলিক জনগণ। কোর্টে আসা বিচারপ্রার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা কাজ করছি। এজন্য জেলায় জেলায় নির্মাণ করা হচ্ছে ন্যায়কুঞ্জু। এ লক্ষ্যে সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রতি জেলায় ৫০ লাখ টাকা করে দেওয়া হবে ন্যায়কুঞ্জু নির্মাণে। আমরা ঠিকাদারদের বলব- এটি নির্মাণে যাতে কোনো রকমেই অপব্যবহার না হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্টার তোফায়েল হাসান, মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. খ.ম ইমতিয়াজ বিন হারুন জুয়েলসহ জেলার আইনজীবীরা।










































