Home আঞ্চলিক কম খরচে বেশি লাভ, কৃষকরা আগ্রহী

কম খরচে বেশি লাভ, কৃষকরা আগ্রহী

16

কয়রা (খুলনা) প্রতিনিধি||
কম খরচে বেশি লাভজনক হওয়ায় খুলনার কয়রায় বেড়েছে ভুট্টার চাষ। চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টার আবাদ করেছেন কৃষক। খরচ কম এবং বেশি লাভজনক হওয়ায় কৃষক ভুট্টা উৎপাদনে ঝুঁকে পড়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিগত বছর কয়রা উপজেলায় ৩০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছিল। এ বছর আরো ১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বিগত বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২২৫ মেট্রিকটন। চলতি বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০০ মেট্রিকটন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল মাহফুজ ও নাইমুর রহমান জানান, কম খরচে অধিক লাভজনক হওয়ায় কয়রা উপজেলায় ভুট্টার চাষ দিন দিন বেড়েছে। অন্য ফসলের তুলনায় খরচ কম হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন চাষিরা। লাভজনক এই ভুট্টা চাষে কৃষকদের আগ্রহী করে তোলার লক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও কৃষি পুনর্বাসনসহ সহায়তা দিয়ে আসছে। এর ফলে দিন দিন কৃষকের আগ্রহ বাড়ছে ভুট্টা চাষে। ভুট্টা মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগি ও গো-খাদ্য হিসাবে ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর চাহিদা বেড়েছে। ভুট্টা গাছের পাতা গো-খাদ্য এবং গাছ জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। ফলে একদিকে যেমন কৃষক তার গবাদি পশু পালন ও জ্বালানি চাহিদা মেটাতে পারেন, অপরদিকে বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় ভুট্টা চাষে আগ্রহি হয়ে উঠছেন।

উপজেলার বাগালী ইউনিয়নের গুপিয়ারবেড় গ্রামের ভুট্টাচাষি তাজরিনা বেগম জানান, এবার সাড়ে চার বিঘা জমিতে তিনি ভুট্টার চাষ করেছেন। বীজ, সার পানি ও জমি প্রস্তুত এবং শ্রমিকের মজুরিসহ তার খরচ হয়েছে বিঘাপ্রতি আট থেকে ১০ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে ৩০-৩৫ মণ ভুট্টা উৎপাদন হবে বলে তিনি জানান।

আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের ভুট্টাচাষি হাবিবুর রহমান জানান, বিগত বছরের তুলনায় এ বছর ভুট্টার ফলন অনেক ভালো। এ বছর তিনি দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। সবদিক বিবেচনা করে এ বছর ভালো ফলন পাবো বলে আশা করছি। তিনি আরো জানান, ভুট্টা চাষে পানি সেচ কম লাগে এবং ফলনও অন্য ফসলের তুলনায় বেশি হয়। ফলে অন্য ফসলের আবাদের তুলনায় ভুট্টা চাষে আগ্রহী বেশি।

উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাস জানান, অন্যান্য ফসলের চাইতে ভুট্টা চাষ লাভজনক। পরিশ্রম ও উৎপাদন খরচ কম। সে জন্য কৃষকরা কম খরচে বেশি লাভবান হওয়ায় ভুট্টা চাষে আগ্রহি হয়ে উঠেছেন।