Home আঞ্চলিক খুলনায় ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যাচ্ছে মেডিকেলে

খুলনায় ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যাচ্ছে মেডিকেলে

16

স্টাফ রিপোর্টার।।

সংকটাপন্ন রোগীদের জন্য খুলনার অধিকাংশ বেসরকারি হাসপাতালগুলোয় অপরিশোধিত ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, মেডিকেল অক্সিজেনের তুলনায় দাম কম হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ জেনেবুঝেই বেশি লাভের আশায় রোগীদের এই অক্সিজেন দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিশোধিত অক্সিজেন গ্রহণের ফলে রোগীদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি মৃত্যুও ঘটতে পারে।

খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের আইসিইউ বিভাগের মেডিকেল অফিসার ডা. তাহেরুল ইসলাম বলেন, ‘মেডিকেল অক্সিজেনের মধ্যে কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড ও পানির মিশ্রণের মাত্রা একেবারে কম বিধায় তা শরীরের জন্য সহনীয়। অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনে বিশুদ্ধতার মাত্রা অনেক কম থাকে। অক্সিজেনের সঙ্গে মিশ্রিত বিভিন্ন ধরনের গ্যাস শরীরের রক্ত, ফুসফুস ও মস্তিষ্কসহ বিভিন্ন কোষকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। তাই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।’

খুলনা মহানগরীর কেডিএ এভিনিউ রোডের রাশিদা মেমোরিয়াল হাসপাতালে গত সোমবার গিয়ে দেখা যায়, এক ব্যক্তি সেখানে অক্সিজেন সরবরাহ করতে এসেছেন। তিনি যে সিলিন্ডার নিয়ে এসেছেন, সেটা কোন কোম্পানির, তার তথ্য সিলিন্ডারের গায়ে নেই।

জানতে চাইলে আনোয়ার হোসেন নামের ওই ব্যক্তি বলেন, ‘আমি নিজে অক্সিজেন বিক্রি করি না। হাসপাতাল কর্তৃপক্ষ আমার সঙ্গে মৌখিক চুক্তি করেছে। তাদের ফাঁকা সিলিন্ডারগুলো আমি রিফিল করে নিয়ে আসি।’ তিনি জানান, খুলনা নগরীর কয়লাঘাট এলাকায় অবস্থিত ‘রকি অক্সিজেন’ নামের একটি প্রতিষ্ঠান থেকে এই অক্সিজেন রিফিল করা হয়। শহরের এমন ১০টি হাসপাতালে এই অক্সিজেন তারা সরবরাহ করেন।

রাশিদা মেমোরিয়াল হাসপাতালের পাশেই রয়েছে কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। সেখানে গিয়েও দেখা যায়, সিলিন্ডারের গায়ে কোনো কোম্পানির ট্যাগ নেই। কোথা থেকে এই অক্সিজেন নিয়ে এসেছেন জানতে চাইলে সেখানে কর্মরত কেউ কথা বলতে চাননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, কোথা থেকে হাসপাতালে বা ক্লিনিকগুলোয় অক্সিজেন আসে তা মালিকপক্ষ জানে না। কিছু ব্যক্তি আছেন, যারা হাসপাতালে অক্সিজেন সরবরাহ করেন। তাদের সঙ্গে মৌখিক চুক্তি করলে নিয়মিত সিলিন্ডারগুলো রিফিল করে দিয়ে যান। তারা মেডিকেল অক্সিজেন দিলেন নাকি ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দিলেন, তা কেউ খোঁজ নেন না। শহরের অধিকাংশ বেসরকারি হাসপাতালে এভাবেই চলছে।

খুলনায় প্রতি ঘনমিটার (১ ঘনমিটার সমান ১ হাজার লিটার) মেডিকেল অক্সিজেনের দাম হলো ৫২ থেকে ৫৫ টাকা। আর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের দাম প্রতি ঘনমিটার ২০-২৫ টাকা। মেডিকেলের চেয়ে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনে লাভ বেশি বলে ব্যবসায়ীরা হাসপাতালগুলোয় এই অক্সিজেন বিক্রি করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, খুলনায় ছয়টি প্রতিষ্ঠান থেকে অক্সিজেন সরবরাহ করা হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র রয়েছে। সেগুলো হলো খুলনা অক্সিজেন কোম্পানি, লিন্ডে বাংলাদেশ ও স্পেকট্রা অক্সিজেন লিমিটেড। খুলনা অক্সিজেন কোম্পানি নামের প্রতিষ্ঠানটি খুলনায়ই মেডিকেল অক্সিজেন উৎপাদন করে। অন্যদিকে লিন্ডে ও স্পেকট্রার খুলনায় ডিপো রয়েছে।

এ ছাড়া বাকি তিনটি কোম্পানির বৈধ কাগজপত্র নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এগুলো হলো মহানগরীর জয় বাংলার মোড়ে অবস্থিত এসবি অক্সিজেন, কয়লাঘাট এলাকায় অবস্থিত রকি অক্সিজেন ও বাগেরহাটের ফকিরহাটে গ্যাস অ্যান্ড গিয়ার বাংলাদেশ। এদের মধ্যে ফকিরহাটের প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে চালু করেছে আর্গন গ্যাস প্লান্ট।

সংশ্লষ্ট সূত্র বলেছে, খুলনার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোয় সব থেকে বেশি অক্সিজেন সরবরাহ করে রকি অক্সিজেন। খোঁজ নিয়ে জানা গেছে, তাদের শুধু ফায়ার সার্ভিসের অনুমোদন রয়েছে। তবে ওষুধ প্রশাসন ও বিস্ফোরক অধিদপ্তরসহ অন্যান্য দপ্তরের অনুমোদন নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই প্রতিষ্ঠানটি করা হয়েছে একেবারেই ঘনবসতিপূর্ণ এলাকায়। ৩০০ গজ দূরেই রকি ডকইয়ার্ড। সেখানে প্রতিনিয়ত কাজ চলে জাহাজ নির্মাণের। অক্সিজেন কোম্পানির ঠিক বিপরীত পাশে ১০০ গজ দূরেই একটি ভাতের হোটেল। ১০ হাত দূরে একটি কাঠগোলা ও স-মিল। অবশ্য এসবি অক্সিজেনের আশপাশে ঘনবসতি নেই। তবে তারাও অনুমতি ছাড়াই সিলিন্ডার রিফিল করছে।

জানতে চাইলে রকি অক্সিজেনের মালিক মো. খুরশিদ আলম বলেন, ‘আমার সব প্রতিষ্ঠানের অনুমতি রয়েছে। ফায়ার সার্ভিস, ওষুধ প্রশাসন, বিস্ফোরক অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার লাইসেন্স রয়েছে। যেখানে কোম্পানি করেছি সেখানে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়।’

তবে বিস্ফোরক পরিদপ্তর খুলনার পরিদর্শক ড. মো. আসাদুল ইসলাম বলেন, ‘মেডিকেল ও ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের কিছু কিছু উপাদানের মাত্রা একেবারেই ভিন্ন। ফলে দুটির উৎপাদন ও পরিশোধন পদ্ধতি ভিন্ন। মেডিকেল অক্সিজেন পরিশোধনে বিশুদ্ধতার মাত্রা থাকে ৯৯ দশমিক ৫ শতাংশের ওপরে। এতে দশমিক ৫ শতাংশের মতো কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড ও পানির মিশ্রণ থাকে। আর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন পরিশোধনে বিশুদ্ধতার মাত্রা ৯০ শতাংশের নিচে থাকে। এই অক্সিজেনের সঙ্গে বায়ুমণ্ডলের অন্যান্য গ্যাসের মিশ্রণের মাত্রা থাকে বেশি। যা দিয়ে ভারী লোহা ও ধাতব পদার্থ গলানো ও কাটা হয়। এটি মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এসবি বা রকি অক্সিজেনের কোনো লাইসেন্স বা অনুমোদন নেই।’- দৈনিক বাংলা