Home আঞ্চলিক ১১ বছর পর বাবা-মাকে ফিরে পেল কাঞ্চনমালা

১১ বছর পর বাবা-মাকে ফিরে পেল কাঞ্চনমালা

7

ঝিনাইদহ প্রতিনিধি।।
কাঞ্চনমালা ফিরে পেল বাবা-মা ও পরিবারের সদস্যদের। রাজধানীর আগারগাঁও এলাকার একটি বাসা থেকে মাত্র ৬ বছর বয়সে পালিয়ে যায় সে। পালানোর পর তালগোল পাকিয়ে ফেলে। মানিকগঞ্জে একটি রাস্তার ধারে বসে কাঁদছিল। এ সময় এক দম্পতির চোখে পড়ে শিশুটির কান্না। ছোট্ট শিশু কাঞ্চনমালাকে কোলে তুলে নেন তারা। ভাগ্য ভালো। শিশু পাচারকারীদের হাতে পড়েনি। সে বেড়ে উঠে মানিকগঞ্জের ওই দম্পতির কাছে। এখন বয়স ১৭ বছর। সিনেমার গল্পের মতোই ঘটেছে কাঞ্চনমালার বাড়ি ফেরার সত্য গল্প।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বোয়ালিয়া গ্রামের হতদরিদ্র আলমগীর মণ্ডলের চার মেয়ে। কাঞ্চনমালা দ্বিতীয়। অভাবের সংসার। ২০১২ সালে দ্বিতীয় মেয়ে কাঞ্চনমালাকে ঢাকার আগারগাঁও এলাকার এক বাসায় গৃহকর্মী হিসাবে রেখে আসেন। তখন কাঞ্চনমালার বয়স মাত্র ৬ বছর। শিশুমন স্বজনদের জন্য উতলা হয়ে উঠে। কিন্তু বাড়ি ফিরবে কিভাবে? অচেনা রাস্তাঘাট। ঠিকানাও বলতে পারে না। মা-বাবার কাছে ফিরে যাওয়ার পথ বহুদূর। বাবার সঙ্গে বাসে চড়ে ঢাকা আসার কথা মনে ছিল তার। তাই সে আগারগাঁও থেকে হেঁটে গাবতলী চলে যায়। সেখান থেকে পৌঁছে যায় মানিকগঞ্জ। এরপর তালগোল পাকিয়ে ফেলে। ক্লান্ত দেহ। ক্ষুধায় জ্বলছে পেট। ভালো করে কথা বলতে পারছিল না। ওই পথ দিয়ে যাচ্ছিলেন মানিকগঞ্জের দম্পতি দেওয়ান আবু ইলিয়াস ও সুরাইয়া দেওয়ান। শিশুটির কান্না চোখে পড়ে তাদের। কোলে তুলে নিজের বাড়িতে নিয়ে আসেন তাকে। নিজেদের তিন ছেলের সঙ্গে বড় হতে থাকে কাঞ্চনমালা। সময়ের পালাবদলে দেওয়ান আবু ইলিয়াস ও সুরাইয়া দম্পতি নতুন করে তাগিদ অনুভব করেন। কাঞ্চনমালার আসল ঠিকানা খুঁজতে মরিয়া হয়ে উঠেন তারা। হরিণাকুণ্ডুর আসাদুর রহমান মানিকগঞ্জ এলাকায় বেসরকারি একটি ব্যাংকে কর্মরত। দেওয়ান আবু ইলিয়াস তাকে ঘটনাটি খুলে বলেন। হরিণাকুণ্ডুর বোয়ালমারি ও বোয়ালখালি ছাড়া কিছুই বলতে পারছিল না কাঞ্চনমালা।

আসাদুর রহমান জানান, বোয়ালিয়া গ্রামে খোঁজ নিয়ে জানতে পারি, আলমগীর মণ্ডল নামের এক দিনমজুরের মেয়ে ঢাকায় কাজ করতে যায়। পরে সে হারিয়ে যায়।

এরপর ২৮ মার্চ কাঞ্চনমালার আসল বাবা-মাকে মানিকগঞ্জে নেওয়া হয়। দীর্ঘ ১১ বছর পরে হলেও প্রথম দর্শনে মেয়েটি তার বাবা-মাকে চিনতে পারে। বাবা-মাকে বুকে জড়িয়ে ধরে সে। এতদিনের জমে থাকা সবটুকু চোখের জল বেরিয়ে আসে তার। দারিদ্র্যের নির্মম কশাঘাতে জর্জরিত আলমগীর মণ্ডল ও তার স্ত্রী ৬ বছরের শিশু সন্তানকে ঝিয়ের কাজে দিয়েছিলেন। কাঞ্চনমালাকে চিনতে ভুল করেননি তারাও। মেয়েকে কাছে পেয়ে চোখের জল তারাও ধরে রাখতে পারেননি।

পালক মা সুরাইয়া দেওয়ান জানান, কাঞ্চনমালা মানিকগঞ্জের একটি রাস্তার ধারে বসে কাঁদছিল। আমরা তাকে বুকে তুলে নিই। আমাদের তিন ছেলে। মেয়ে নেই। মা বলে ডাকত কাঞ্চনমালা। আমরা তার আসল ঠিকানার খোঁজ করতে থাকি। অবশেষে আসল মা-বাবার কাছে ফিরিয়ে দিতে পেরে যেমন আনন্দ হচ্ছে, অন্যদিকে বুকের মাঝে শূন্যতাও অনুভব করছি। কাঞ্চনমালা আমাদের মেয়ের আদর-øেহ নিয়ে বড় হয়েছে। স্কুলে পড়ছিল সে।

সবকিছু ফিরে পাওয়ার আনন্দে আত্মহারা কাঞ্চনমালা বলে, ৬ বছর বয়সে হারিয়ে যাই। এখন আমার বয়স ১৭ বছর। যে বাবা-মা আমাকে পেলেছেন তাদের কখনো ভুলব না।