Home আঞ্চলিক সুন্দরবনে হরিণ শিকার বন্ধ ও শিকারি ধরতে মাসব্যাপী বিশেষ অভিযান

সুন্দরবনে হরিণ শিকার বন্ধ ও শিকারি ধরতে মাসব্যাপী বিশেষ অভিযান

14

স্টাফ রিপোর্টার।।

সুন্দরবনে বেপরোয়া হয়ে উঠেছে হরিণ শিকারিরা। এছাড়া বন সংলগ্ন এলাকায় গোপনে বিক্রি হচ্ছে হরিণের মাংস। এ অবস্থায় বনে হরিণ শিকার বন্ধ এবং শিকারিদের ধরতে বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে বন বিভাগ। অভিযানের প্রথম দিনে হরিণের রান্না করা মাংস ও হরিণ শিকারের ফাঁদসহ ২ জনকে আটক করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের তালিকা অনুযায়ী, সুন্দরবনে হরিণ শিকারি রয়েছে প্রায় ৪০ জন। এর মধ্যে ১৫/২০ জন সাম্প্রতিক সময়ে বেপরোয়া হয়ে উঠেছে। তারা প্রতিনিয়ত বনে গিয়ে ফাঁদ পেতে হরিণ শিকারের পর তা জবাই করে লোকালয়ে নিয়ে আসছে। এরপর গোপনে ৫০০/৬০০ টাকা কেজি দরে বিক্রি করছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন জানান, হরিণ শিকার বন্ধ ও শিকারিদের ধরতে সুন্দরবনে বিশেষ অভিযান শুরু হয়েছে। যা চলবে ঈদের পর আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোরে বন বিভাগের সুন্দরবনের কোবাদক স্টেশনের বিশেষ দল সাপখালী ভারানী খাল এলাকায় অভিযান চালিয়ে ২ হরিণ শিকারিকে আটক করে। তাদের কাছ থেকে তিনটি ডিঙ্গি নৌকা, প্রায় ৩০০ গ্রাম রান্না করা হরিণের মাংস, পলিথিন ব্যাগে মোড়ানো হরিণের চারটি পা ও একটি মাথা, দুটি দা, একটি কুড়াল, একটি ছুরি এবং হরিণ ধরার ২০০ মিটার ফাঁদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মো. মজিবর গাজী ও মো. ময়নুদ্দিন। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে অভিযান টের পেয়ে একই গ্রামের ইমদাদুল সরদার, সাহেব আলী, শফিকুল শেখ ও নুরুল আমিন পালিয়ে যায়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি সুন্দরবনের নীলকমল অভয়ারণ্য এলাকা থেকে বন্দুকের ১৯টি গুলি, হরিণের ২০ কেজি মাংস ও একটি চামড়াসহ একজনকে আটক করে বনবিভাগ। গত ১২ মার্চ কয়রা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে হরিণের ৪৪ কেজি মাংসসহ তিনজন বহনকারীকে আটক করা হয়।

এছাড়া গত ২৩ মার্চ কোস্টগার্ড সদস্যরা কয়রা উপজেলার জোড়শিং এলাকা থেকে হরিণের ৮৭ কেজি মাংস ও হরিণের ২০টি পা উদ্ধার করে। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।

খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, মাংসসহ হরিণ শিকারি আটকের পর অনেক সময় পুরানো শিকারিদের পাশাপাশি নতুন শিকারিও পাওয়া যায়।

কয়রা থানার ওসি এ বি এম এস দোহা বলেন, বনবিভাগের পাশাপাশি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।