মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
হালিমা বেগম, বয়স ৫৫। স্বামী ও সন্তান নেই। থাকেন মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বস্তিতে। পরিবারে তিনি ছাড়া অন্য কেউ না থাকায় নিজেই চেয়ে চিন্তে জীবিকা নির্বাহ করেন। সন্তান না থাকায় চেয়ে চিন্ত আনা খাবার নিজে খান এবং পশুদের যত্ন করে খাওয়ান। উচ্ছিষ্ট খাবার দেন প্রতিবেশী দরিদ্রদেরকেও। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই নিঃস্ব হালিমা চলে যান মোংলা নদী পার হয়ে স্থায়ী বন্দর এলাকার পিকনিক কর্ণারে। সেখানে দেশের দুরদুরান্ত থেকে পিকনিকে আসা পর্যটকদের কাজ কর্মে সহায়তা করেন। পর্যটকদের পিকনিকের রান্নাবান্নায় সহায়তা করেন তিনি। দিন শেষে সেখান থেকে যে খাবার পান তাছাড়াও অন্যান্যদের কাছ থেকে চেয়ে নিয়ে আসেন খাবার। সেই খাবারের একটা অংশ তিনি নিজেই খান, একাংশ প্রতিদিন কুকুর ও বিড়ালকে নিজ হাতে খাওয়ান। তারপরও যা উচ্ছিষ্ট থাকে তাকে তাও দিয়ে দেন তার বস্তির মানুষকজনকে।
প্রতিদিন রাত ৮টার দিকে পিকনিক কর্ণার থেকে নদী পার হয়ে মামার ঘাটে আসতেই তারা পিছু নিতে শুরু করে তার খাওয়ানো কুকুর-বিড়াল। তাকে দেখা মাত্রই তার গা বেয়ে উঠতে থাকে প্রাণীগুলো। এরপর শহরের কমিশনার সিরাজুল ইসলাম সড়কের রিজেকশন মার্কেটে এসে তিনি খাবারগুলো বের করে পলিথিন বিছিয়ে তাতে খাবার দিয়ে থাকেন কুকুর-বিড়ালকে। প্রতিদিন ১০/১২টি কুকুর-বিড়ালকে সন্তানের মত করে খাবার খাওয়ান তিনি। এভাবেই টানা তিন বছর ধরে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে এ প্রাণীগুলোকে নিয়মিত রাতে খাবার খাইয়ে আসছেনহালিমা। তিনি ছাড়া অন্য কেউ সেখানে থাকা কুকুর-বিড়ালকে খাবার দিলেও তা খাওয়ানা এ পশুগুলো। এ কুকুর-বিড়াল প্রতিদিনই হালিমার খাবারের অপেক্ষায় থাকেন।
হালিমা বেগম বলেন, আমার স্বামী, সন্তান, বাপ-মা, ভাই-বোন কেউ নেই। খুব কষ্টে চলি। তাই রাস্তার কুকুর-বিড়াল নিয়ে সময় কাটাই, খাবার দিই। রিজেকশন গলিতে থাকা কুকুর-বিড়ালগুলোকে আমি তিন বছর ধরে খাবার খাইয়ে আসছি। কখনও কখনও তরকারি ও ভাত, আবার কখনও শুধু সাদা ভাত খাওয়াই, যখন যা পাই। কুকুর বিড়ালগুলোকে নিজ হাতে মেখে মেখে খাবার দিই। পেট ভরে খায় কুকুর ও বিড়ালগুলো।
এর আগে শহরের তালুকদার আব্দুল খালেক সড়কের বাংলাদেশ হোটেলের পাশে এভাবে ১০বছর ধরে খাবার খাইয়েছি কুকুর বিড়ালকে। রাস্তার এসব কুকুর-বিড়ালকে সবাই লাথিঝাটা মারে। কেউতো আর খাবার দেয়না। তাই আমি রাস্তার এসব কুকুর বিড়ালকে ১৩ বছর ধরে খাবার খাইয়ে আসছি। আমার সন্তান নেই, সন্তান থাকলে তো তাদেরকেও খাবার খাওয়াতে হতো। তাই এগুলোকে সন্তান ভেবেই খাবার খাওয়ায়ে আসছি। এরা আমাকে দেখলে সন্তানের মত ছুটে আসে আমার কাছে। তাই আমারও ভাল লাগে। এগুলোকে আমি আমার সন্তানের মত ভেবেই খাবার খাওয়ায়ে যাচ্ছি।
রিজেকশন গলির ব্যবসায়ী রতন মিয়া ও ফারুক হোসেন বলেন, তিন বছর ধরে হালিমা বেগম পিকনিক কর্ণারে কাজ করে ও অন্যের কাছ থেকে খাবার চেয়ে এনে এখানকার কুকুর বিড়ালগুলোকে খাওয়াচ্ছেন। হালিমা তরকারী ছাড়া খালি ভাত এনে দিলেও এ প্রাণীগুলো খেয়ে থাকে। অন্য কেউ ভাত-তরকারী দিলেও খায়না এ কুকুর বিড়াল। সে আসলেই তার কাছে ছুটে আসে রাস্তার কুকুর-বিড়ালগুলো। কোন কোন সময় এ প্রাণীগুলো অপেক্ষায় থাকেন হালিমার। হালিমা নিজেই হাতে মেখে এ কুকুর বিড়ালকে অত্যন্ত যত্ন ও আদর করে এ খাবার খাওয়ান। তিনি এ প্রাণীগুলোকে সন্তানের মতই আদর যত্ন করেন এবং খাবার খাওয়ান। এটা অবশ্যই ব্যতিক্রম একটা বিষয়। যেখানে নিজের খাওয়া নিয়েই সমস্যা তার, সেখানে তিনি প্রতিদিনই এ কুকুর বিড়ালগুলোকে খাবার দেন। একদিনও বাদ যায়না তার এ প্রাণীগুলোকে খাবার দিতে। যতই রাত কিংবা আবহাওয়া খারাপ থাকুক না কেন তিনি নিয়মিতই খাবার খাইয়ে আসছেন, আর কুকুর-বিড়ালগুলোও তার অপেক্ষায় থাকেন।










































