Home বিনোদন ‘অনেকে মনে করেন আমাদের দা-কুমড়া সম্পর্ক’

‘অনেকে মনে করেন আমাদের দা-কুমড়া সম্পর্ক’

64

বিনোদন ডেস্ক।।
দেশের চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমা। শাবনূর দীর্ঘ সময় ধরেই অস্ট্রেলিয়ায় থাকেন। অন্যদিকে পূর্ণিমা এখনো কাজ করে যাচ্ছেন সিনেমা-ওয়েবে। সম্প্রতি সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনি ভ্রমণে গিয়েছেন পূর্ণিমা। আর সেখানেই সম্প্রতি শাবনূরের সঙ্গে দেখা হলো তার। দীর্ঘ সময় পর একসঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন তারা। একসঙ্গে এসেছেন ফেসবুক লাইভেও। একে অপরের সঙ্গে দেখা করে ব্যাপক উচ্ছ্বসিত এই দুই তারকা। পূর্ণিমার ফেসবুক পেজে দেয়া এক ভিডিওতে শাবনূর বলেন, অনেকে মনে করেন আমাদের দা-কুমড়া সম্পর্ক, কিন্তু এটা ঠিক নয়। আমি ওর বহুমাত্রিক কাজ খুব উপভোগ করি।

 

তাকে সিডনিতে দেখে খুব ভালো লাগছে। আমরা চলচ্চিত্রে আমাদের পুরনো দিনের কথা মনে করে অনেক মজা পেয়েছি। পূর্ণিমা বলেন, আমাদের দা-কুমড়ার সম্পর্ক না, ফুলের পাপড়ির মতো সম্পর্ক। আমি শাবনূর আপুর বড় ভক্ত। তাকে দেখেই সিনেমায় আসা। আমি যখন অভিনয়ে আসি পরিচালকরা বলতেন, শাবনূরের মতো এক্সপ্রেশন দিতে। আমিও কপি করতাম তাকে। তবে আমি অন্তত তার ধারে কাছেও যেতে পারিনি। পূর্নিমার কথা কেড়ে নিয়ে শাবনূর বলেন, পূর্ণিমা অনেক গুণের অধিকারী। তাকে যখন স্টেজে পারফর্ম করতে দেখি, উপস্থাপনা করতে দেখি, আমার খুব ভালো লাগে। আমি নিজেও তার ভক্ত। এ আড্ডার সময় পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান, কন্যা আরশিয়া উমাইজা, শাবনূরের ছেলে আইজান নেহান এবং পারিবারিক বন্ধুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শাবনূর ও পূর্নিমা দু’জনই তাদের জীবনের সোনালি অতীত আর ব্যস্ত বর্তমান নিয়ে গল্পে মেতে ওঠেন। একসঙ্গে ডিনার সারেন। দিনভর সময় কাটিয়ে অনেক রাত পর্যন্ত আড্ডা মেরেছেন দুই তারকা। উল্লেখ্য, প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ভ্রমণে এসেছেন পূর্ণিমা। গত ২১শে ফেব্রুয়ারি সপরিবারে সিডনিতে পৌঁছেছেন তিনি। চলতি সপ্তাহেই দেশে ফেরার কথা তার।