Home আঞ্চলিক ‘বিএনপি ক্ষমতায় গেলে দেশকে জঙ্গি রাষ্ট্র বানাবে’

‘বিএনপি ক্ষমতায় গেলে দেশকে জঙ্গি রাষ্ট্র বানাবে’

6

স্টাফ রিপোর্টার।।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলছে। তারা ক্ষমতায় গিয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হত্যা, খুন ও জঙ্গিবাদের রাষ্ট্র বানিয়েছিল। তাদের স্লোগান ছিল আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান। এই বিএনপি-জামায়াত জোট যদি আবার ক্ষমতায় যেতে পারে, তাহলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে ছাড়বে।

শনিবার (৪ মার্চ) বিকেলে খুলনা মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নগরীর শঙ্খমার্কেট এলাকার দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এস এম কামাল আরও বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, ছায়া প্রধানমন্ত্রী ছিল তারেক রহমান। তারা হাওয়া ভবন তৈরি করে গুম, খুন, হত্যার বাংলাদেশে পরিণত করেছিল। এদের আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না।
তিনি বলেন, দেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে, বাংলাদেশ হবে আগামী বিশ্বের উন্নত স্মার্ট বাংলাদেশ।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, শ্যামল সিংহ রায়, শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মুন্সি মাহবুবুল আলম সোহাগ, আলী আকবর টিপু, ফারুক আহমেদ, জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর হাফিজুর রহমান, আনিসুর রহমান বিশ্বাসসহ আরও অনেকেই।