Home আঞ্চলিক খুলনায় নেতাদের দলকে সংগঠিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনায় নেতাদের দলকে সংগঠিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

16

স্টাফ রিপোর্টার।।

আগামী নির্বাচনের জন্য দলকে আরও বেশি সংগঠিত করতে খুলনার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামী নির্বাচনে জয়লাভ করতে হলে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় খুলনার দিঘলিয়ায় মা বেগম ফজিলাতুন্নেছার স্মৃতি বিজড়িত জমি ও পাট গোডাউন ঘুরে দেখে নগরীতে চাচা শেখ আবু নাসেরে বাসভবনে যান তিনি। সেখানে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনাও প্রদান করেন।

সেখানে উপস্থিত থাকা খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম  এসব কথা জানান।

বাদ মাগরিব খুলনা থেকে খানজাহান আলী সেতু পার হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বিকেল ৪টার দিকে ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী খুলনার দিঘলিয়া খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদের তীরে পৌঁছান। বিকেলে দিঘলিয়ার নগরঘাটা এলাকায় অবস্থিত মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতি বিজড়িত জমি ও পাট গোডাউন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বোন শেখ রেহেনাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন প্রধানমন্ত্রী।

দিঘলিয়া থেকে প্রধানমন্ত্রী খুলনা নগরীর শেরে বাংলা সড়কে অবস্থিত ছোট চাচা শেখ আবু নাসেরের বাড়িতে যান। বঙ্গবন্ধু খুলনায় এসে এই বাড়িতে অবস্থান করতেন। সেখানে দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীসহ অন্যান্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।