হাতকড়া পড়িয়ে সন্তানের জানাজায় অংশ গ্রহন করা চরম মানবাধিকার লঙ্ঘন: মনা
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, হাতকড়া পড়িয়ে সন্তানের জানাজায় অংশ গ্রহন করা চরম মানবাধিকার লঙ্ঘন। বর্তমান সরকার একের পর এক মানবাধিকার লঙ্ঘন করছে, যা দেশ-বিদেশে নিন্দনীয় হচ্ছে। তিনি বলেন ঘরে সন্তান সম্ভবা স্ত্রীর কাছ থেকে মিথ্যা অভিযোগে দায়েরকৃত গায়েবি মামলায় গ্রেফতার করা হয় যুবদল নেতা ইয়াকুবকে। দুশ্চিন্তায় সন্তান সম্ভবা স্ত্রী অসুস্থ হয়ে পড়ে এবং বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সন্তান প্রসব করেন। ওই সময় থেকেই নবজাতক শিশুটি অসুস্থ থাকায় তাকে সিসিইউতে ভর্তি রাখা হয়। দীর্ঘ ২০দিন চিকিৎসাধীন অবস্থায় শিশুটি বৃহস্পতিবার রাতে মারা যায়। পিতা (যুবদল নেতা) কাছে থাকলে শিশুটি হয়তো সঠিক চিকিৎসা পেতো। এড. মনা বলেন নবজাতক শিশুটিকে পরোক্ষভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বাদ জুম্মা কারাবন্দি যুবদল নেতা ইয়াকুব পাটোয়ারির শিশু সন্তানের জানাজা পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, আইনজীবীর মাধ্যমে তিন ঘন্টার জন্য যুবদল নেতাকে প্যারোলে মুক্তি দেয়া হলেও তার হাতে হাতকড়া পড়িয়ে রাখা হয়। নেতাকর্মীদের অনুরোধে জুম্মার নামাজ ও জানাজা নামাজের সময় পুলিশ তার হাতকড়া খুলে ছিয়েছে। তিনি বলেন, হাতকড়া পড়িয়ে বাড়িতে নিয়ে যাওয়া দেখে পরিবারের সদস্যদের মত আমরা ব্যথিত হয়েছি। এর জন্য বাংলাদেশ দায়ী নয়, বাংলাদেশের জনগণ দায়ী নয়, দায়ী ফ্যাসিবাদী সরকার। ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনপূর্বক প্যারোলে মুক্তি দেওয়ার পরও একজন বন্দীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া কেবল অমানবিকই নয়, বরং বাংলাদেশের সংবিধান ও মৌলিক মানবাধিকারের পরিপন্থী। বাংলাদেশের সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বা দণ্ড প্রদানের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না উল্লেখ থাকলেও বর্তমান সরকার সংবিধান পরিপন্থি কাজ করেই যাচ্ছে। তিনি আরো বলেন প্রতিটি নিষ্ঠুর আচারণের কথা এদেশের জনগন মনে রাখবে। প্রতিটি ঘটনার বিচার একদিন এদেশের মাটিতেই হবে।

তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে যুবদল নেতা ইয়াকুব আলী পাটোয়ারী তার ছেলের নামাজে জানাজায় শরিক হন। লবনচরার হাজী আব্দুল মালেক মসজিদ সংলগ্ন কবরস্থানের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, দুপুর একটায় খুলনা জেলা কারাগার থেকে হাতকড়া পরা অবস্থায় ইয়াকুব আলী পাটোয়ারীকে পুলিশ ভ্যানে করে হাজী মালেক মসজিদে নেয়া হয়। সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের অনুরোধে পুলিশ ইয়াকুবের হাতকড়া খুলে দেয়। এ সময় তাকে দেখার জন্য দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী ভিড় করলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। জুম্মার নামাজ আদায়ের পর জানাজায় শরীক ও পরবর্তীতে সন্তানের দাফনে অংশ নেন তিনি। পুনরায় তাকে হাতকড়া পড়িয়ে জেলহাজতে নেয়ার সময় তার ৪র্থ শ্রেনিতে পড়ুয়া শিশুকন্যা ত্বনীর কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

উল্লেখ্য, ইয়াকুব আলী পাটোয়ারী খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। নগরীর টিঅ্যান্ডটি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ৮ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে। খুলনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হোসেন বাবু জানান, মামলাটি ছিলো গায়েবি ও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ। নামাজে জানাজায় খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, বিএনপি নেতা শের আলম সান্টু, আশরাফুল আলম খান নান্নু, কে এম হুমায়ুন কবির, আফসার উদ্দিন, চৌধুরী নাজমুল হুদা সাগর, মিজানুর রহমান মিলটন, কাজী কামরুল ইসলাম বাবু, শহিদ খান, আব্দুল আজিজ সুমন, আব্দুল্লাহ হেল কাফি সখা, মোঃ আসাদুজ্জামান, নাজমুল হাসান নাসিম, শফিকুল ইসলাম শাহিন, আমিন আহমেদ, খোরশেদ জাহান রানা, মিজানুর রহমান বাবু, এস এম জাকির হোসেন, আহসান আল বাকের, ইবাদুল ইসলাম, হাসান ফকির, রিয়াজুল খান মুরাদ, এস এম ইউসুফ, আঃ সালাম, ইঞ্জি. মিজানুর রহমানসহ অনেকে।










































