Home আঞ্চলিক মহেশপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মধ্যযুগীয় নির্যাতন, থানায় পাল্টাপাল্টি মামলা

মহেশপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মধ্যযুগীয় নির্যাতন, থানায় পাল্টাপাল্টি মামলা

15

 

 

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুরে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বকুল (৩৫) নামে এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারপিট করেছে স্থানীয়রা। এ ঘটনার পর শিশুটির মা বাদি হয়ে মহেশপুর থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন। মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের মেহেগনি বাগানে এ ঘটনা ঘটে। বকুল ভোলাডাঙ্গা গ্রামের বকশু মিয়ার ছেলে। শুক্রবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনার এক ঘন্টা পর স্থানীয় লোকজন বকুলের হাত এবং কোমর রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। অভিযুক্ত বকুলের মারপিট করায় রক্তের দাগ এবং কোমরে ও হাতে রশি দিয়ে বেঁধে মারধরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বকুলের ভাই মুকুল বাদি হয়ে মহেশপুর থানায় পাল্টা একটি মামলা দায়ের করে।

 

বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা (জিন্টু) বলেন, স্থানীয় মুরব্বিদের থেকে জানতে পারেন বকুল ছেলেটি উশৃংখল। শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয়রা বকুলকে মারপিট করেছে।

 

এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মিয়া জানান, শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় শিশুটির মা বাদি হয়ে অভিযুক্ত বকুলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করেন। অভিযুক্ত বকুলকে মারধর করায় বকুলের ভাই মুকুল বাদি হয়ে পরের দিন শনিবার পাল্টা মামলা করেন।