ঢাকা অফিস।।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে রাজধানীর মিরপুর থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-৬ এর বাসার নিচ থেকে পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ছোট ভাই হিরু রহমান।
এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অসৎ কোনো উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক নেতা আশিককে তুলে নেওয়া হয়ে থাকতে পারে । তাকে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলে মন্তব্য করেন রিজভী।
আশিকের ছোট ভাই হিরু রহমান জানান, বিকেল সাড়ে পাঁচটায় বড় ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। মাগরিবের পর তাকে একটি প্রয়োজনে ফোন দিলে সব নম্বর বন্ধ পাই। পরে তার বাসার পাশের লোকজন জানায়, তাকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে।
তিনি জানান, তার ভাই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং এর আগে পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত এবং বিদেশে পড়াশোনা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, মফিজুর রহমান আশিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে বাশঁখালীতে।










































