Home জাতীয় হুম্মাম কাদেরের বক্তব্যের দায় নিচ্ছে না বিএনপি

হুম্মাম কাদেরের বক্তব্যের দায় নিচ্ছে না বিএনপি

9

খুলনাঞ্চল রিপোর্ট।।

বিএনপির বিভাগীয় সমাবেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর দেয়া বক্তব্যকে সমর্থন করছে না বিএনপি। হুম্মাম কাদেরের বক্তব্যকে একান্তই ব্যক্তিগত বলে দায় এড়াচ্ছে দলটি। যদিও দলের কেন্দ্রীয় সদস্য হিসেবে সমাবেশে বক্তব্য দিয়েছিলেন হুম্মাম কাদের।

বুধবার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় হুম্মাম কাদের চৌধুরীর ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে আলোচনায় আসেন। এ সময় তিনি আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়ার পর ‘একা বাড়ি যেতে না দেয়ার’ও হুঙ্কার দেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি তার একান্ত ব্যক্তিগত বক্তব্য। এর সাথে বিএনপির রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। এটি বিএনপির রাজনীতির কোনো অংশ নয়।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, সমাবেশে এই স্লোগান কেউ দেননি। বক্তব্যের শুরুতে হুম্মাম কাদের বলেছেন, তিনি তার বাবার স্লোগান দিচ্ছেন।

উল্লেখ্য, ১২ অক্টোবর বুধবার নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে হুম্মাম কাদের ‘নারায়ে তাকবীর’ স্লোগান দেন। এ সময় ‘বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই’ বলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের তিনবার ‘নারায়ে তাকবীর’ বললে ‘আল্লাহ আকবর’ বলে পাল্টা সাড়া দেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে হুম্মাম কাদের চৌধুরী নিজেকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে পরিচয় দিয়ে বক্তব্যে বলেন, ‘বেশি সময় নেব না। অনেক সিনিয়র নেতা এসেছেন। আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোনো বড় নেতা হিসেবে নয়। আজকে এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে। আপনারা সবাই সঙ্গে থাকলে আমাদের পরাজিত করার শক্তি কারও নেই। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার সময় একা বাড়ি যেতে পারবে না। প্রত্যেক শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করবো।’

উল্লেখ্য, সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির পর কিছুদিন রাজনীতির মাঠে থাকলেও পরে পর্দার আড়ালে চলে গিয়েছিলেন হুম্মাম কাদের চৌধুরী। গত এক বছর ধরে তাকে আবার সক্রিয় দেখা যাচ্ছে। এ পরিবারের মধ্যে তার ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপি ভাইস চেয়ারম্যান পদে আছেন। তবে তিনি রাজনীতিতে সক্রিয় নন।