Home জাতীয় গাইবান্ধার নির্বাচন, নানা প্রশ্ন

গাইবান্ধার নির্বাচন, নানা প্রশ্ন

15

খুলনাঞ্চল রিপোর্ট।।
ঠিক যেন ২৮ বছর আগের ঘটনা ফিরে এলো গাইবান্ধায়। ১৯৯৪ সালের মাগুরার উপনির্বাচনের দৃশ্যই যেন দেখা গেল গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে। ২৮ বছর আগে নির্বাচনটি হয়েছিল বিএনপি’র ক্ষমতায় থাকার সময়ে। নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। এর জের ধরে শুরু হয়েছিল আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন। ওই আন্দোলনের সূত্র ধরেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে এনেছিল বিএনপি সরকার। বিএনপি’র ক্ষমতায় থাকা অবস্থায় ওই নির্বাচনটি দলের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। দলের কোনো হেভিওয়েট নেতা প্রার্থী ছিলেন না। কিন্তু এই নির্বাচনের নানা অনিয়ম প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল পুরো নির্বাচন ব্যবস্থাকে। বিএনপি ক্ষমতায় থাকলেও ওই আসনটি আওয়ামী লীগের হাতে ছিল।

 

আওয়ামী লীগের দলীয় এমপি মোহাম্মদ আসাদুজ্জামানের মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হয়েছিলেন তার ছেলে শফিকুজ্জামান বাচ্চু। বিএনপি’র প্রার্থী হয়েছিলেন ইকোনো কোম্পানির মালিক কাজী সালিমুল হক কামাল। নির্বাচনে বিএনপি’র কামাল এমপি হলেও ওই নির্বাচন রাজনৈতিক বড় পুঁজি হয়েছিল আওয়ামী লীগের জন্য। ’৯৪ সালের ২০শে মার্চের ওই নির্বাচন ঘুরিয়ে দিয়েছিল পুরো রাজনীতির মোড়। অনেকে বলে থাকেন, বিএনপি শীর্ষ নেতৃত্বের অগোচরেই ওই নির্বাচনে অনেক কিছু হয়েছিল। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ সেই নির্বাচনটি বাতিলও করতে চেয়েছিলেন। কিন্তু কেন শেষ পর্যন্ত তা বাতিল হয়নি এই প্রশ্নের উত্তর হয়তো প্রকাশ হয়নি।
সর্বশেষ বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ২৮ বছর আগের মাগুরা-২ আসনের উপনির্বাচনের বার্তাই যেন ফিরে এলো। দৃশ্যপটও একই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করে আন্দোলন করছে বিরোধী দলগুলো। ভোটের নতুন পদ্ধতি ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের বিরোধিতা করছে বেশির ভাগ দল। কেবল সরকারি দল ও তার কয়েকটি সহযোগী দল ইভিএমের পক্ষে মতামত দিয়ে আসছে। বর্তমান নির্বাচন কমিশনের ওপরও আস্থা নেই বেশির ভাগ দলের। এমন পরিস্থিতিতে গাইবান্ধার নির্বাচনটি দেশের রাজনীতিতে নতুন মোড় নিয়ে আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গাইবান্ধা-২ আসনে ক্ষমতাসীন দলের এমপি ছিলেন প্রয়াত ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। তার মৃত্যুতে আসনটি ফাঁকা হয়। উপনির্বাচনে দলের প্রার্থী হয়েছিলেন তরুণ নেতা সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন। প্রয়াত ফজলে রাব্বী মিয়ার মেয়েও নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দলীয় সমর্থন পাননি। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে আরও চার জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে জাতীয় পার্টি সমর্থিত এএইচএম গোলাম শহীদ রঞ্জুর সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল আগে থেকেই। বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় তাদের নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেবেন- এমন ধারণা ছিল আওয়ামী লীগ শিবিরে। এ কারণে আগে থেকেই নির্বাচন নিয়ে ভিন্ন ছক আঁকা হয়।

জাতীয় নির্বাচনের এক বছর আগে হওয়া এই নির্বাচনটি ছিল নির্বাচন কমিশনের জন্যও বড় চ্যালেঞ্জ। নেয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ১৪৫টি কেন্দ্রের প্রতিটিতে লাগানো হয়েছিল ক্লোজ সার্কিট ক্যামেরা। পুরো নির্বাচনের ভোট নেয়ার ব্যবস্থা করা হয় ইভিএমে। কিন্তু নির্বাচন কমিশনের শক্ত পরিকল্পনা কিছুতেই কাজে আসেনি নির্বাচনে। সকাল থেকেই আসতে থেকে নানা খবর। ইসি’র কর্মকর্তারা আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বসেই নিজ চোখে দেখেন অনিয়ম আর বুথ দখলের চিত্র। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অনিয়মের ধরন। দুপুর পর্যন্ত পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন মনে করে পরিস্থিতি আর তার নিয়ন্ত্রণে নেই। সকাল থেকে একে একে ৫১টি ভোটকেন্দ্রের ভোট বন্ধ করে দেয়া হয়। দুপুরের পর সাংবাদিকদের সামনে আসেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তার চোখে-মুখে হতাশার ছাপ। জানালেন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। তাই নির্বাচনটি তারা শেষ করতে চান না। নির্বাচন বন্ধ করে দেয়ার বার্তা পাঠানো হয় স্থানীয় প্রশাসনের কাছে। সিইসি’র এই ঘোষণার আগেই অবশ্য ক্ষমতাসীন দলের প্রার্থী ছাড়া অন্য চার প্রার্থী একসঙ্গে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। নির্বাচন বন্ধের পর আবার উল্টো চিত্র দেখা গেছে। আওয়ামী লীগের প্রার্থীর লোকজন সড়কে বিক্ষোভ করেছেন। থানা ঘেরাও করেছেন। তারা নির্বাচন বন্ধের জন্য সিইসি’র শাস্তিই দাবি করেছেন।

কাজী হাবিবুল আউয়ালের কুশপুত্তলিকাও পুড়িয়েছেন তারা। নানা অনিয়মে ভরা নির্বাচন বন্ধ করে দিয়ে আপাতত প্রশংসায় ভাসছে নির্বাচন কমিশন। কিন্তু এই প্রশংসার সঙ্গে আসছে নানা প্রশ্নও। বলা হচ্ছে, একটি মাত্র আসনে নির্বাচন দিয়ে যেখানে দুপুরের মধ্যেই নির্বাচন কমিশনকে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে সেখানে একদিনে তিনশ’ আসনে তারা জাতীয় নির্বাচন করবেন কোন শক্তিতে। সবচেয়ে বড় প্রশ্নটি আসছে ইভিএম নিয়ে। প্রায় সব পক্ষের আপত্তি উপেক্ষা করে আগামী নির্বাচনে অর্ধেক আসনে ইভিএমে নির্বাচন করতে অনড় ইসি। এই অবস্থায় গাইবান্ধার নির্বাচন ইসি’র এই পরিকল্পনার সামনে বড় এক প্রশ্ন হাজির করেছে। কেন্দ্র দখল, জোর করে ভোট আদায়, সিসি ক্যামেরার সংযোগ বন্ধ করে দেয়ার চিত্র নির্বাচন কমিশনের কর্মকর্তারা নিজেরাই দেখতে পেরেছেন। ইভিএম নিয়ে বিরোধীদের আপত্তির বিষয়টি আরও জোরালো হয়েছে গাইবান্ধার ভোটের এমন চিত্রে। আবার অনেকে বলছেন, আগেও ভোটে এমন চিত্র হয়েছে। তা নির্বাচন কমিশনের চোখের সামনেই হয়েছে। কিন্তু এবারের নির্বাচনটিকে ভিন্নভাবে নিয়েছিল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগে গত শনিবার সারা দেশের ডিসি-এসপিদের সঙ্গে ইসি’র বৈঠকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল এর একটা প্রভাব হয়তো পড়েছে গাইবান্ধার নির্বাচনে। ওই দিনে ডিসি ও এসপিদের মনোভাব পরিষ্কার হয়েছিল ইসি’র কাছে। এ জন্য গতকালের নির্বাচনে কমিশন নতুন কোনো ঝুঁকি নিতে চায়নি।

তাই দুপুরের মধ্যেই নির্বাচন বন্ধের ঘোষণা দেন সিইসি। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন এমন অনেকে আরও একটি প্রশ্ন তুলেছেন। বলা হচ্ছে, নানা কারণে তলানিতে থাকা ইমেজ উদ্ধারে গাইবান্ধার নির্বাচন বন্ধ করে দেয়া ইসি’র কৌশলও হতে পারে। গাইবান্ধার নির্বাচনটি বিরোধী দলগুলোর জন্য একটি ট্রাম্পকার্ড হয়ে উঠতে পারে। অনেকে বলছেন, তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের যে দাবি ঘুরপাক খাচ্ছে হালের এই নির্বাচনের সূত্র ধরে ’৯৬-এর মতো নতুন রাজনৈতিক কোনো সূত্রেরও আবির্ভাব হতে পারে। নতুন মোড় নিতে পারে রাজনীতি। জালিয়াতির দৃশ্য দেখে উপ-নির্বাচন বন্ধ করলো ইসি: ভোটকেন্দ্রে নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর বেলা সোয়া ২টার দিকে ঢাকায় নির্বাচন ভবনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, ভোটগ্রহণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কোনো একটি পক্ষ বা কোনো একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রভাবিত করতে পারছেন। ফলে, আমাদের দৃষ্টিতে মনে হয়েছে, ভোটগ্রহণ নিরপেক্ষ হচ্ছে না। তিনি বলেন, সকাল আটটা থেকে নিরবচ্ছিন্নভাবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সিসিটিভিতে ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। গোপন কক্ষে অবৈধভাবে একাধিক ব্যক্তির অনুপ্রবেশ, একজনের ভোট আরেকজন দিয়ে দেয়া, লোগো সম্বলিত একই রঙের পোশাক পরিধানসহ বিভিন্ন ঘটনা সরাসরি দেখার পর বেলা ১টা পর্যন্ত কয়েক দফায় অর্ধ শতাধিক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচন কমিশন মনে করে, ৫১ কেন্দ্রের ভোট বন্ধ হয়ে গেলে বাকি যে কেন্দ্রগুলো আছে, তার ভিত্তিতে ফলাফল মূল্যায়ন সঠিক হবে না। সিইসি বলেন, আরপিও ৯১ অনুচ্ছেদে বলা হয়েছে, ভোট নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে হতে হবে। কমিশন যদি মনে করে নির্বাচন সঠিকভাবে হচ্ছে না, তাহলে একটি কেন্দ্র বা সব কেন্দ্রে নির্বাচন বন্ধ করার দায়িত্ব কমিশনকে দেয়া হয়েছে। সেই বিধানের আলোকে আমরা গাইবান্ধা-৫ আসনের সমগ্র নির্বাচনী এলাকার ভোট কার্যক্রম বন্ধ করে দিয়েছি। রিটার্নিং কর্মকর্তাকে সে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। ওখানে এখন আর ভোট হচ্ছে না।

পরবর্তীতে বিধি অনুযায়ী কি করতে হবে দেখবো। কমিশন বসে সিদ্ধান্ত নেবো। একটি আসনে নির্বাচন করতে গিয়েই যদি ইসি’র এই হাল হয়, সেক্ষেত্রে ৩০০ আসনে নির্বাচন করতে গিয়ে কেমন পরিস্থিতির সৃষ্টি হবে- এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, এটা সময় বলে দেবে। একটি আসনে ঠিক হয় নাই, তিনশ’ আসনে ঠিক হবে না এটা বলা সমীচীন হবে না। এই আসনের নির্বাচন দিয়ে আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারবো। আমাদের জন্য আগামীর নির্বাচন যাতে আরও সুন্দরভাবে করতে পারি, সেটার একটা দিক-নির্দেশনা এখান থেকে পাওয়া যাবে। বন্ধ করাটাই সমাধান কি না জানতে চাইলে সিইসি বলেন, আমরা শুধু আপনাদের ফ্যাক্টটা জানিয়েছি। নির্বাচনে ম্যালপ্র্যাকটিস হয়েছিল। আমরা বন্ধ করে দিয়েছি। ইভিএম’র কারণে এই দশা কি না-জানতে চাইলে তিনি বলেন, ইভিএম নয়, কতগুলো হিউম্যান এলিমেন্টস এখানে। যান্ত্রিক কিংবা মেকানিক্যাল সমস্যা আমরা দেখি নাই। মেশিন কাজ করছে না, তা নয়। প্রিজাইডিং অফিসার আছেন, পোলিং অফিসার আছেন, তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইভিএম কোনো সমস্যার সৃষ্টি করে নাই। যাদের কারণে ভোট বন্ধ করা হলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, কাদের কারণে এটা হয়েছে এখনো আমরা সিদ্ধান্তে আসতে পারি নাই। এটা এখন বলা যাবে না।

আমাদের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। নির্বাচন কেন বন্ধ হয়েছে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো। এর আগে দুপুর ১২টায় নির্বাচন কমিশনে পরিস্থিতি সম্পর্কে জানান সিইসি। সে সময় নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কেন চলে গেল, সাংবাদিকদের এ রকম প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেকটা। আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। গোপন কক্ষে অন্যরা ঢুকছে, ভোট সুশৃঙ্খলভাবে হচ্ছে না। তবে কেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তা আমরা এখনো বলতে পারবো না। দুপুর ১২টার দিকে সিইসি আরও বলেন, নির্বাচনে তিনি ব্যাপক অনিয়ম দেখেছেন। যেখানে অনিয়ম বেশি, সেখানে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়েছে। গাইবান্ধা-৫ আসনে ভোটার আছেন মোট তিন লাখ ৩৯ হাজার ৯৮ জন। আর উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন পাঁচজন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকিরা ভোট শেষের নির্ধারিত সময়ের ঘণ্টা চারেক আগেই একসঙ্গে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। এ আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩শে জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিয়ম অনুযায়ী এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। -মানবজমিন