ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি||
পিরোজপুরের ইন্দুরকানীতে দাদনের টাকা ফেরৎ দিতে না পারায় এক জেলেকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। উপজেলার বালিপাড়া ইউনিয়ানের ঢেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আজ বুধবার দুপুরে খবর পেয়ে স্থানীয় লোকজন শিকল বাঁধা অবস্থায় জেলে দ্বীন ইসলামকে উদ্ধার করে। পরে পুলিশ এসে উভয়পক্ষকে থানায় নিয়ে আসে।
জানা যায়, মাছ ধরার ট্রলারে কাজের জন্য মাসুম মৃধার কাছ থেকে দাদন বাবদ ২০ হাজার টাকা নেয় একই এলাকার দ্বীন ইসলাম। ট্রলার মালিক ব্যবসায় লোকসান দেখিয়ে জেলেদের ন্যায্য পাওনা না দেওয়ায় দাদনের টাকা পরিশোধ করতে পারেননি তিনি।
পরে দাদনের টাকা চাইলে দ্বীন ইসলাম টাকা দিতে না পারায় গতকাল রাতে তাকে ধরে এনে নিজের বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখে মাসুম। দ্বীন ইসলামের পরিবার রাতে তাকে না পেয়ে আজ বুধবার বিভিন্ন মহলে তার সন্ধান করলে ট্রলার মালিকের বাড়িতে তার খোঁজ পাওয়া যায়। স্বজনেরা গেলে তাকে শিকল দিয়ে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় যুবলীগ নেতা তোফাজ্জেল হোসেন ঘটনাটি জেনে তাৎক্ষনিক তার বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে।
স্থানীয় নুরু মাতুব্বর বলেন, ‘আমরা গিয়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখে মাসুমকে শিকল খুলে দিতে বললে সে জানায় আমি ওর কাছে টাকা পাই। পরে আমরা এ ঘটনার প্রতিবাদ করলে শিকল খুলে দেয়।’
ইন্দুরকানী থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে থানায় নিয়ে আসে। উদ্ধারকারী তোফাজ্জেল হোসেন বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমি ট্রলারের মালিকের বাড়িতে গিয়ে জেলেকে উদ্ধার করি।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানায়, দ্বীন ইসলামের কাছে ট্রলারের মালিক টাকা পায় সেই কথা জেলে স্বীকার করেছে। তাদের উভয়পক্ষকে থানায় নিয়ে আসা হয়েছে।










































