ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। সদ্য সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনের পরীক্ষার হল বসে ফেসবুকে লাইভের পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার রাতে কমিটি বাতিলের ঘোষণা দেওয়া হয়।
এদিকে ঘটনা তদন্তে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গণমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ায় সমালোচনার মুখে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (৯ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো।
পরীক্ষার হলে দায়িত্ব পালনকারী প্রিজম কম্পিউটার একাডেমীমির শিক্ষক রেহেনা আক্তার নওরিন জানান, পরীক্ষার হলে ফেসবুকে লাইভ করার সময় মনির হোসেন সুমন আমাকে ফোনটা দিয়ে বলেন, আমি পরীক্ষা দিচ্ছি আমাকে একটু ভিডিওতে দেখান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ায় ফোনটা আমি ধরি।’
ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সাজেদুর রহমান রোববার সমকালকে জানান, কালীগঞ্জ প্রিজম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তাদের ট্রেডের পরীক্ষার জন্য আমাদের ইনস্টিটিউটের হলটি ব্যবহার করেছিল। দিনটি শুক্রবার থাকায় লাইভের বিষয়টি আমাদের নজরে আসেনি। যেহেতু ঘটনাটি আমাদের প্রতিষ্ঠানেই ঘটেছে, সেই কারণে এর দায়দায়িত্ব আমাদের কাধেই এসে গেছে।
আমরা দুইজন চিফ ইন্সট্রাক্টর সোহরাব হোসেন, ইয়াবুক আলী ও ইন্সট্রাক্টর আসাদুজ্জামানের সমন্বয়ে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি সোমবার (১১ এপ্রিল) সংশ্লিষ্টদের জবানবন্দি নিয়ে তাদের প্রতিবদেন দাখিল করবেন। প্রতিবেদন পাওয়ার পর দায়িত্বে অবহেলার সত্যতা প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অধ্যক্ষ সাজেদুর রহমান জানান।
এর আগে গত শুক্রবার ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে ফেসবুকে লাইভে ছাত্রলীগ, পড়াশোনা এবং শিক্ষা বোর্ড নিয়ে আপত্তিকর বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসেন সুমন।
উপজেলার প্রিজম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে কম্পিউটার অফিস এপ্লিকেশন বিষয়ে ৬ মাস মেয়াদী কোর্সের শিক্ষার্থী হিসেবে পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় সে। মুহূর্তের মধ্যেই ওই ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হইচই পড়ে যায়।
শুক্রবার দেশব্যাপী কম্পিউটার অফিস এপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ে ৬ মাস এবং ৩ মাস মেয়াদী কোর্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লিখিত এবং ১১.৩০ মিনিট হতে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত প্রাকটিক্যাল পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালীন দুপুর ১২ টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ শুরু করেন মনির হোসেন সুমন।
৯ মিনিট ৩৮ সেকেন্ডের ওই লাইভে অনেক বিতর্কিত মন্তব্য করেছেন মনির হোসেন। একপর্যায়ে অবশ্য ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে নিয়েছেন তিনি। কিন্তু তার আগেই ভিডিওটি অনেকের হাতেই চলে যায় এবং এটি ভাইরাল হয়।
লাইভ ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমাদের পরীক্ষা চলছে, সবাই লিখছে আমি বসে আছি। সবাই লিখছে বাংলায়, কিন্তু আমি বাংলায় লিখি না, ইংলিশে লিখি। অনেক দিনের ইচ্ছা ছিল পরীক্ষার হল থেকে ফেসবুকে লাইভ দেব। আমার সেই ইচ্ছা আজ পূরণ হয়েছে। ম্যাডামও দেখি আমার ভিডিও করছে। আমরা ছাত্রলীগ যেখানে যাব সেখানেই বুলেট।’
লাইভে কালীগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘পরীক্ষার খাতায় বায়োডাটায় গ্রুপের জায়গা লিখে দিয়েছি, এমপি আনার গ্রুপ করি। স্যাররা এ প্লাস না দিলে বোর্ড মোড ভেঙে ফেলবানে। জয়ও তাই লিখেছে। আমার লাইভটি কালীগঞ্জ ভাইস চেয়ারম্যান দেখছেন।’
তিনি আরও বলেন, ‘ম্যাডাম আপনি কিছু বলেন আমার লাইভে। পরীক্ষার হল থেকে লাইভে আছি তাতে কী হয়েছে। আমার প্রাণের সংগঠন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।’










































