Home আঞ্চলিক সাতক্ষীরায় নদীর খনন মাটির হরিলুট, দেখার কেউ নেই

সাতক্ষীরায় নদীর খনন মাটির হরিলুট, দেখার কেউ নেই

9

 

খান নাজমুল হুসাইন।।

সাতক্ষীরার বেতনা নদীর খনন মাটি স্থানীয় প্রভাবশালী মহল কতৃক বিক্রির বিষয়টি এখন সর্বত্র আলোচিত ও সমালোচিত। পানি উন্নয়ন বোর্ডের চোখ ফাকি দিয়ে কিভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি লক্ষ লক্ষ টাকার খননকৃত সরকারি মাটি হরিলুট হচ্ছে তা বলাই বাহুল্য। বর্তমানে খবরটি নিউজ অফ দ্যা টাউনে পরিনত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনারপোতা ব্রীজ সংলগ্ন বেতনা নদীর ০২ নং পোল্ডারের বেশকিছু অংশের খননকৃত মাটি সরকারি ভাবে কোন প্রকার টেন্ডার ও নিলাম ছাড়াই লাবসা গ্রামের শফিকুল ইসলাম একই উপজেলার মিলবাজার এলাকার আলতাফ হোসেন ওরফে ছোট বাবু নামে পরিচিত কয়েকজন প্রভাবশালী মহলের বিরুদ্ধে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধ পন্থায় নদী খনন মাটি বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, গত ০৩ এপ্রিল প্রভাবশালী আলতাফ হোসেন বাবু ও শফিকুল ইসলাম কতৃক বেতনা নদী খনন মাটি বিক্রির বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ-০২ এর উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান কে অবহিত করা হয়। ঐ দিন ঘটনা স্থলে পাউবো কর্তা জিয়াউর রহমান উপস্থিত হয়ে ১৫/২০ টি ডাম্পার ধৃত করেন। কিন্ত পরেক্ষনে ডাম্পার নিয়ে যান প্রভাবশালীরা। স্থানীয়রা আরও জানান, ঘটনাটি ০৪ এপ্রিল পত্রিকায় প্রকাশিত হওয়ার কারনে ৩ দিন যাবত মাটি বিক্রি কার্যক্রম বন্ধ ছিল। হটাৎ অজ্ঞাত কারনে ৭ই এপ্রিল থেকে শত শত ডাম্পার যোগে সকাল থেকে সন্ধ্যা কালীন সময়ে বিরামহীন ভাবে বেতনা নদীর বেড়িবাঁধের উপর দিয়ে অবাধে বাবু ও শফিকুল স্থানীয় ইট ভাটা সহ অন্যাত্রে মাটি বিক্রি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ডাম্পার প্রতি বেতনা নদীর খননকৃত মাটি প্রভাবশালী মহল ৮০০ টাকা হারে হরহামেশাই বিভিন্ন জায়গায় বিক্রি করছে। মাটি বিক্রির বিষয়টি ৩ দফায় পানি উন্নয়ন বোর্ডের কর্তাদের কে অবহিত করেও বন্ধ হয়নি মাটি বিক্রি কার্যক্রম। তারা আরও জানান, গত ০৭ এপ্রিল থেকে প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তাদের উপস্থিতি তাদের চোখে পড়েনি। তারা জানান, পানি উন্নয়ন বোর্ড নীরব ভুমিকা পালন করছে যেন দেখার কেউ নেই।প্রভাবশালী মহল কতৃক অবৈধভাবে নদী খননকৃত মাটি টেন্ডার ছাড়া বিক্রির কারণে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে অপরদিকে শত শত ডাম্পার মাটি বহনের কারনে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইতি পূর্বে বেতনা নদী কিছু প্রভাবশালী মহল কতৃক অবৈধভাবে দখলের কারনে নদীটি সংকুচিত হওয়ায় বর্ষা মৌসুমে ফসলি জমির পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে বেতনা নদী খনন কাজের জন্য সরকারি ভাবে বরাদ্দ আসে। পাওবো সুত্রে জানা গেছে, কয়েকটি অংশে বেতনা নদী খননের কাজ চলছে। এর মধ্যে মাছখোলা থেকে রাজনগর, রাজনগর থেকে কলারোয়া অংশে চলতি বছরের ফ্রেব্রুয়ারী মাসের প্রথম দিকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বেতনা নদীর খনন কাজ শুরু করা হয়। বিনারপোতা ব্রীজ সংলগ্ন লাবসা ইউনিয়নের মাছখোলা থেকে রাজনগর বেতনা নদীর অংশের খনন কাজের দায়িত্বভার গ্রহণ করেন পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ ০২ এর উপসহকারী প্রোকৌশলী জিয়াউর রহমান।

সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর থেকে ভাড়ায় আসা বেতনা নদী খননকৃত মাটি বহনকারী ডাম্পার চালক আরাফাত জানান, তারা ছোট বাবুর নেতৃত্বে সকাল থেকেই ডাম্পারে মাটি নিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, দিনে প্রায় ১৫ টির মতন ট্রিপ দিচ্ছেন। ডাম্পার প্রতি ট্রিপের ভাড়া পাচ্ছেন ২৫০ টাকা। ডাম্পার চালক সাইদুর রহমান জানান, মাটি নিয়ে তিনি বিজিবি ক্যাম্পের পাশে যাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বেতনা নদী খননে ব্যবহৃত ভ্যেকু দিয়ে মাটি কেটে বাঁধের উপরিভাগে রাখা হচ্ছে। সেখান থেকে উত্তলনকৃত মাটি একটি প্রভাবশালী মহল দেশের বিভিন্ন উপজেলা থেকে ভাড়ায় চালিত নিষিদ্ধ ডাম্পার ভাড়া করে ভ্যেকুর মাধ্যমে মাটি তুলে নিয়ে স্থানীয় বিভিন্ন ইট ভাটা সহ অন্যাত্রে অবাধে বিক্রি করছে। এ বিষয়ে অবৈধ পন্থায় বেতনা নদীর খননকৃত মাটি বিক্রেতা শফিকুল ইসলামের সাথে মুঠো ফোনে আলাপ কালে ডাম্পারে মাটি বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, জজ সাহেবের ওখানে পাঠাচ্ছি কিছু মাটি আর অল্পকিছু মাটি অন্যাত্রে দিচ্ছি। এ বিষয়ে অবৈধ পন্থায় বেতনা নদীর খননকৃত মাটি অবৈধ পন্থায় অন্যাত্রে বিক্রির ব্যাপারে আলতাফ হোসেন ওরফে ছোট বাবুর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন আপনি আমার সামনে এসে কথা বলেন আমি আপনার প্রশ্নের উত্তর দেবো, পাওবো কর্তা জিয়াউর রহমান কতৃক সাতক্ষীরা সদর থানায় মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার নামে নোটিশ দিছে কোন মামলা হয়নি।

এ বিষয়ে বেতনা নদী খনন কাজের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা পওর বিভাগ – ০২ এর উপসহকারী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমানের সাথে মুঠো ফোনে আলাপকালে অবৈধ পন্থায় বেতনা নদী খনন মাটি প্রভাবশালী মহল কতৃক নিলাম ছাড়াই অবৈধ পন্থায় বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বেতনা নদীর খননকৃত মাটি ডাম্পারের মাধ্যমে প্রভাবশালী মহল নিয়ে যাচ্ছে আমি খবর পেয়েছি। ইতিমধ্যে আমি ছোট বাবু, শফিকুল ইসলাম সহ শফিউল আলম বাপি মেম্বারের নামে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছি। ইতি পূর্বে মাটি বহনকারী ১৫/২০ টি ডাম্পার ধৃত করায় ছোট বাবু আমাকে লাঞ্চিত করেছে। তিনি বলেন, গত ৩১ মার্চ পানি ব্যবস্থাপনা কমিটির মিটিং হয়। মিটিংয়ে বেতনা নদী খনন মাটি বাঁধের উপরিভাগে দেওয়ার পর অতিরিক্ত মাটি নিলামে দেওয়ার সিন্ধান্ত হয়। প্রভাবশালী মহল কতৃক খনন মাটি বিক্রির খবরটি আমি আমার স্যারকে অবহিত করেছি।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ -০২ এর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ এর সাথে বেতনা নদীর খননকৃত মাটি শত শত ডাম্পার যোগে প্রভাবশালী মহল কতৃক বিক্রির ব্যাপারে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে তিনি আলাপকলটি গ্রহন না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে প্রভাবশালী মহল কতৃক বেতনা নদীর খননকৃত মাটি শত শত ডাম্পার যোগে অবাধে বিক্রির ব্যাপারটি নিয়ে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন বেতনা নদীর খননকৃত মাটি নিলামে দেওয়া হবে। অবাধে বিক্রি ব্যাপারে আমাকে কেউ জানায়নি। তিনি আরও বলেন, বেতনা নদীর খনন মাটি নিলাম ছাড়া কোন প্রকার বিক্রির সুযোগ নেই এ ব্যাপারে আমি খোজ খবর নিচ্ছি।