খুলনাঞ্চল রিপোর্ট।।
‘অনেক দিনের ইচ্ছা ছিল পরীক্ষার হল রুমে ফেসবুকে লাইভ দেব। সেই ইচ্ছা আজ পূরণ হলো। ম্যাডামও দেখি আমার ভিডিও করছে। আমরা ছাত্রলীগ যেখানে যাবো সেখানেই বুলেট।’ ফেসবুক লাইভে এসে এভাবেই কথাগুলো বলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন।
তিনি তখন ঝিনাইদহে পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রের হলরুমে পরীক্ষা দিচ্ছিলেন। কথাগুলোর আগে তিনি আরও বলেন, ‘আমাদের পরীক্ষা চলছে, সবাই লিখছে আমি বসে আছি। সবাই কি লিখছে বাংলায়, আমি তো বাংলা লিখি না। ইংলিশে লিখি।’
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন উপজেলার প্রিজম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে কম্পিউটার অফিস এপ্লিকেশন বিষয়ে ৬ মাস মেয়াদী কোর্সের শিক্ষার্থী।
জানা যায়, শুক্রবার (৮ এপ্রিল) দেশব্যাপী কম্পিউটার অফিস এপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ে ৬ মাস ও ৩ মাস মেয়াদী কোর্সের চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত লিখিত এবং ১১.৩০ মিনিট হতে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিজের ফেসবুকে দুপুর ১২ টার দিকে লাইভ শুরু করেন, ৯ মিনিট ৩৮ সেকেন্ডে তা শেষ করেন।
পরীক্ষা চলাকালেই ফেসবুক লাইভে আসলে মুহূর্তের মধ্যে তা সমালোচনার সৃষ্টি করে। লাইভে আসতে থাকে নানা মন্তব্য। এক পর্যায়ে ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে নেয় মনির হোসেন। এরই মধ্যে অনেকের হাতে চলে যায় ভিডিওটি।
ফেসবুক লাইভে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন বলতে থাকেন, আমার খাতা দেখবেন আমি লিখেছি ইংরেজিতে মাস্টার্স করা আমার। স্যাররা ঘুমাচ্ছে, আমি ইংরেজিতে লিখেছি, সালামও লিখেছে। পাশের শিক্ষার্থীকে বলেন দেখি তুই কি লিখেছিস। তখন ভিডিওতে দেখা যায় সে ও বলতে থাকে, না লিখে আমরা এ+ পেতে চাই। ওই পাশে একটা খালা পরীক্ষা দিচ্ছে।
লাইভে ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনির আরো বলেন, পরীক্ষার খাতায় বায়োডাটায় লিখে দিয়েছি এবং গ্রুপের জায়গা লিখে দিয়েছি আমরা এমপি আনার গ্রুপ করি। স্যাররা এ প্লাস না দিলে বোর্ড মোড ভেঙে ফেলবানে। জয়ও তাই লিখেছে।
আমার লাইভটি কালীগঞ্জ ভাইস চেয়ারম্যান দেখছে। সাথে ভাইস চেয়ারম্যান মন্তব্যে লিখেছে , গল্প না করে তোরা খাতায় লেখ। লাইভে সে আরো বলে ম্যাডাম আপনি কিছু বলেন আমার লাইভে।
এ বিষয়ে মনির হোসেন সুমন মোবাইলে জানান, আমি তো পরীক্ষা চলাকালে লাইভ করিনি, পরীক্ষা শেষ হলে ছোট একটা লাইভ করেছিলাম।
বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম বলেন, পরীক্ষার হলে তো লাইভ করা ঠিক না। তবে সাধারণ সম্পাদক লাইভে এসে কি বলেছে সেটি এখনও আমি জানি না। তবে আমি বিষয়টি শুনলাম অবশ্যই খতিয়ে দেখে যদি তার এ বিষয়টি প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়টি নিয়ে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ মাহবুব উল ইসলাম জানান, পরীক্ষা তো পরীক্ষাই, সেখানে ছাত্রলীগ নেতা হোক আর সাধারণ শিক্ষার্থীই হোক কাউকেই ফেসবুক লাইভের সুযোগ নেই। ঘটনাটি তদন্ত করে অবশ্যই যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষা কক্ষে লাইভের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আমিনুর রহমান টুকু জানান, ঘটনাটি খুবই দুঃখ জনক। এ ঘটনায় পরীক্ষা কক্ষে যেই দায়িত্বরত থাকুক না কেন, প্রতিষ্ঠান প্রধান দায়িত্ব এড়াতে পারে না।










































