Home জাতীয় মায়ের খোঁজে সুইজারল্যান্ড থেকে ঢাকা, ৪৫ বছর পর মিলন

মায়ের খোঁজে সুইজারল্যান্ড থেকে ঢাকা, ৪৫ বছর পর মিলন

14

ঢাকা অফিস।।

সেই ১৯৭৭ সালে মাত্র ৫ বছর বয়সে মায়ের সঙ্গে বিচ্ছেদ হয় কুলসুমের। বাবাহীন কুলসুমদের শেষ আশ্রয় থাকার ঘরটি আগুনে পুড়ে যায়। মেয়েকে উন্নত জীবন উপহার দিতে রেখে আসেন আশ্রমে। সেখান থেকে কুলসুমের জীবনে দূত হয়ে আসে সুইজারল্যান্ডের এক দম্পতি। অনাথ আশ্রম থেকেই তাকে দত্তক নিয়ে যান তারা। এরপরের গল্পটা যেন কোনো উপন্যাস কিংবা থ্রিলারে ভরা সিনেমা।

পাঁচ বছরের সেই কুলসুম সুইজারল্যান্ডে বেড়ে উঠলেও ভুলতে পারেননি মায়ের কথা। তবে মনে ছিল না তেমন কোনো স্মৃতি। তবু আবছা স্মৃতিতে খুঁজে বেড়িয়েছেন হারিয়ে যাওয়া আপনজনকে। অবশেষে ৪৫ বছর পর মাকে খুঁজে পেলেন কুলসুম। যদিও তার নাম এখন ম্যারিও সিমো ভ্যামৌ।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে আপন নীড়ে ফেরেন কুলসুম ওরফে ম্যারিও সিমো ভ্যামৌ। এদিন কুলসুমের অপেক্ষায় ছিলেন স্বজনরা। ফুফু আসার অপেক্ষায় রাতে ঘুমাননি ভাতিজিরাও।

আপন আঙিনায় নামতেই কুলসুমকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। এ সময় ভিড় জমান আশপাশের লোকজনও। কয়েক দশক পর আপনজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কুলসুম। ফেরেন মায়ের কোলে।

মাকে পেয়ে পাগলপ্রায় কুলসুম। ক্ষণে ক্ষণে মাকে চুমু খাচ্ছেন আর জড়িয়ে ধরছেন। জানালেন তার না বলা কথা। তেমন একটা বাংলা বলতে পারেন না। তবু মাকে খুঁজে পেয়ে যেন স্বস্তি খুঁজে পেলেন। সঙ্গে এলেন কুলসুমের স্বামী আন্দ্রে সিমন ভারমুট। তিনিও জানালেন নিজের মনের অনুভূতি।

কুলসুম বলেন, আমি একদিনের জন্যও ভুলতে পারিনি। সত্যি বলতে অতীতটা সবসময়ই আমার বর্তমানটাকে নাড়া দিয়ে গেছে। আর আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি। আমার পরিবারকে খুঁজে ফিরি।

তিনি আরো বলেন, অসচ্ছল পরিবারে জন্ম নেয়ায় পাঁচ বছর বয়সে চাচার পরামর্শে আমাকে অনাথ আশ্রমে দেন মা। ওই সময় আমাদের ঘরটিও আগুনে পুড়ে যায়। তবে অনাথ আশ্রম থেকেই আমাতে দত্তক নেন সুইস দম্পতি। এরপর সেখানেই সবকিছু। হ্যাঁ এটা ঠিক। আমি একটা ভালো জীবন হয়তো পেয়েছি। তবে আমার ৪৫ বছরের সুখে ওই পাঁচ বছর দুঃখ হয়েই চেপে আছে। মনের মধ্যে প্রতিটা মুহূর্তই চাওয়া ছিল পরিবারকে ফিরে পাওয়ার। অবশেষে খুঁজে পেয়েছি।

কুলসুম বলেন, মায়ের নাম মরিয়ম। আমরা চার ভাই-বোন ছিলাম। বাবা ছিলেন ফার্মাসিস্ট। আমি মায়ের সঙ্গে লঞ্চে করে এসেছিলাম ঢাকায়। এরপর উঠেছিলাম মোহাম্মদপুরে চাচার বাসায়। যদিও ঠিকানাটা মনে নেই।