Home জাতীয় বিলুপ্ত প্রায় চিনা ধানে কৃষকের বাজিমাৎ!

বিলুপ্ত প্রায় চিনা ধানে কৃষকের বাজিমাৎ!

42

খুলনাঞ্চল রিপোর্ট।।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, ‘খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে, অধিক প্রকার ফসল উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে। কোন জমি যেন পতিত না থাকে’। উন্নত বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু কন্যার আহবানে উজ্জীবিত বাংলাদেশের কৃষক, তারই ধারাবাহিকতায় নীলফামারীর ডিমলা ও জলঢাকার নদ ও নদী তীরবর্তী বালুকাময় চরাঞ্চলে মৃদু বাতাসে দোল খাচ্ছে বিলুপ্তপ্রায় চীনা ধানক্ষেত। অনুকূল আবহাওয়ায় অল্প খরচ ও কম পরিশ্রমে ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।

চিনা চাষ করতে কোনো মৌসুমের প্রয়োজন হয় না। যে কোনো সময় চাষ করা যায়। এমনকি তেমন কোনো খরচও নেই বললেই চলে।

অনেকটা বিনা খরচে চিনা চাষ হয় বলে কৃষকদের লাভও হয় ভালো। বাজারে এর চাহিদা বেশি। চলতি বছরেও চিনার বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন। একাধিকবার টানা ভুট্টার চাষে জমির উর্বরতা কমে যায়, সেখানে চিনা ধান উত্তম বিকল্প হতে পারে বলে জানান জলঢাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. লেবু মিয়া।

নতুন প্রজন্মের অনেকেই চিনা ধান না চিনলেও এক সময় চরাঞ্চলীয় এ জমিগুলোতে এর ব্যাপক চাষাবাদ হতো। ছোট আকারের ধান হওয়ায় বাজারে আতব চালের মতো এর চাহিদা রয়েছে। ধনী শ্রেণির মানুষের শখের পায়েস রান্নায় চীনা চালের কদর বেড়েছে, শিশু খাদ্যের অন্যতম উপাদান এটি। ফলে বাজারে চিনা ধানের ব্যাপক চাহিদা। অনেক সময় এ ফসল অগ্রিম বিক্রি হয়ে থাকে। ফলে বাজারজাত করার কোন ঝুঁকি নেই কৃষকের। শহর থেকে পাইকাররা গিয়ে বাড়ি বাড়ি ঘুরে মণ প্রতি চীনা ৫ থেকে ৬ হাজার টাকা দামে কিনে নিয়ে যান।

ডিমলা খালিশা চাপানি ইউনিয়নের কৃষক আবু বক্কর জানান, এবার তিনি চার বিঘা জমিতে চীনা ধানের চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে বিঘা প্রতি চার থেকে পাঁচ মণ চীনা ধান পাবেন তিনি। এতে ফসল ঘরে তোলা পর্যন্ত তার বিঘা প্রতি খরচ পড়বে মাত্র ৫ হাজার টাকা। বর্তমানে বাজারে প্রতি মণ চীনা ধান বিক্রি হচ্ছে ৫ হাজার টাকা দরে। বাজারমূল্য স্থিতিশীল অথবা এর চেয়ে বেড়ে গেলে তার মোটামুটি লাভ হবে।

জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর চরের কৃষক মোতালেব জানান, এবার চীনা ধানের আবাদ ভালো হয়েছে। তিনি আশা করছেন আগাম বন্যা না হলে ভালোভাবে ফসল ঘরে তুলতে পারবেন। এবার এ ফসলে তিনগুণ লাভের প্রত্যাশা করছেন তিনি।

জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এবার উপজেলায় চীনার ফলন ভালো হয়েছে। হেক্টর প্রতি গড় উৎপাদন ১দশমিক ২ মেট্রিকটন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফসল চাষে কৃষকরা লাভবান হচ্ছে। আমরা চরাঞ্চলে চীনা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), মো. আফজাল হোসেন বলেন, এ ধান যে কোনো ধরনের মাটিতে চাষ করা যায়। রোগ বালাই কম হওয়ায় কোন কীটনাশকের প্রয়োজন হয় না। অল্প খরচ ও অল্প পরিশ্রম করেই এ ফসল ফলানো সম্ভব। তিনি আরও বলেন, চিনা ধানে বিঘা প্রতি খরচ চার থেকে পাঁচ হাজার টাকা। বিঘা প্রতি ৮ থেকে ১০ মন পর্যন্ত ফলন পাওয়া যায়। বাজারে এর দামও ভাল। প্রতিমণ চিনা ধানের মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা দরে বিক্রি হয়।’

আগামীতে কিভাবে এর ব্যাপকতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।